ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি সাংসদ শহীদউদ্দিন চৌধুরী এ্যানিকে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ সিঙ্গাপুর যেতে বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার রাত ১১ টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার সিঙ্গাপুর যাওয়ার কথা ছিলো।
এ্যানি রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,''স্পিকারের আদেশ ও আদালতে নির্দেশনা থাকার সত্ত্বেও আমাকে সিঙ্গাপুরে যেতে দেয়নি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ। তারা আমাকে জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা রয়েছে।''
তিনি জানান, মাউন্ট এলিজাবেথ হাসপাতালে হৃদরোগের চিকিৎসার জন্য তার চিকিৎসকের সঙ্গে দেখা করার কথা ছিল।
গত ২৭ জুলাই রাতে এ্যানি উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান। গত ২৭ জুন বিএনপির ডাকা হরতাল কর্মসূচি পালনের সময় পুলিশ তাকে শাহবাগের কাছ থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ওই সময় গাড়ি পোড়ানোর অভিযোগে মামলা দায়ের করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/০০৩০ ঘ.
bdnews24