ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি আমদানির আগ্রহ প্রকাশ করেছে।
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আয়োজিত 'জনশক্তি রপ্তানীর সম্ভাবনা ও নতুন শ্রম বাজার সন্ধান' শীষর্ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বৃহস্পতিবার এ তথ্য জানান।
এছাড়া নতুন শ্রমবাজার খুঁজতে সাতটি দল গঠন করেছে মন্ত্রণালয়। এসব দল বিভিন্ন দেশ সফর করে তাদের চাহিদা ও কাজের ধরণ চিহ্নিত করবে। পরবর্তীতে দেশে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে ওইসব দেশে রপ্তানি করা হবে বলে জানান মোশাররফ হোসেন।
তিনি বলেন, সরকার ২০১৫ সালের মধ্যে জনশক্তি রপ্তানি খাত থেকে ৩১ বিলিয়ন ডলার রেমিটেন্স আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে।
এজন্য দেশের প্রতিটি জেলায় একটি করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), পাঁচটি মেরিন একাডেমী ও অত্যাধুনিক সুযোগ-সুবিধার হাসপাতালসহ একটি নার্সিং ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনার কথা তুলে ধরেন মন্ত্রী।
প্রবাসী কল্যাণ ব্যাংক স্থাপন প্রসঙ্গে তিনি জানান, আগামী অক্টোবর মাসের মধ্যেই এ ব্যাংকের কার্যক্রম শুরু হবে। এছাড়া সরকার অনাবাসী বাংলাদেশীদের (এনআরবি) জন্য পৃথক আরেকটি ব্যাংক স্থাপনেরও চিন্তা করছে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেন, দেশের প্রায় এক কোটি মানুষ বিভিন্ন দেশে বসবাস করছে। তারা জাতীয় অর্থনীতিতে অনেক অবদান রাখছে, কিন্তু বিনিময়ে তারা কোন সুবিধা নেয়না। উপরন্তু নানান সমস্যার শিকার হচ্ছে। এদিকে সরকারকে দৃষ্টি দিতে হবে।
তিনি ২০১৫ সালের মধ্যে জনশক্তি রপ্তানী খাত থেকে ৩১ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য অর্জনে নতুন নতুন শ্রম বাজার সন্ধান ও বিভিন্ন দেশের চাহিদা অনুযায়ী জনশক্তি গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেন।
এফবিসিসিআই সভাপতি একে আজাদের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ সচিব জাফর আহমেদ খান, বিএমইটি'র মহাপরিচালক খোরশেদ আলম চৌধুরী, সিপিডি'র নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান, পররাষ্ট্র মন্ত্রনালয়ের মহাপরিচালক মোহাম্মদ জাফর, এফবিসিসিআই'র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, ডিসিসিআই সভাপতি আবুল কাশেম খান ও এফবিসিসিআই'র সাবেক আকরাম হোসেন।
এতে মূল নিবন্ধ উপস্থাপন করে জনশক্তি ব্যবসায়ীদের সংগঠন বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২৩৫০ ঘ.
bdnews24