সুনামগঞ্জ, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফুটবল খেলাকে কেন্দ্র করে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দু'পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় উপজেলার বাদাঘাট উচ্চ বিদ্যালয় মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আহতদের বাদাঘাট ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি।
বাদাঘাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান সাংবাদিকদের জানান, স্থানীয়ভাবে আয়োজিত স্বাধীনবাংলা ফুটবল টুর্নামেন্টে অজ (মঙ্গলবার) বিকালে বিজয়লক্ষ্মী ও কড়ইগড় স্পোর্টিং ক্লাবের মধ্যে খেলা চলছিলো।
খেলার এক পর্যায়ে দুই ক্লাবের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। প্রায় আধা ঘণ্টা ধরে সংঘর্ষ হয়।
খবর পেয়ে বাদাঘাট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আবার সংঘর্ষের আশঙ্কায় বাদাঘাট উচ্চ বিদ্যালয় মাঠ ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে এসআই মশিউর জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৭ ঘ.
bdnews24