গাজীপুর, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরে গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার দেশীপাড়া গ্রামে ডাকাতির সময় ধরা পড়ে তারা।
নিহতরা হলেন- ঢাকার আশুলিয়া থানাধীন বেদগ্রামের মোকসেদ আলম (৩০) ও দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার জলাজলিয়া গ্রামের সুজন (২৫)।
তাদের লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে রয়েছে।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আহাদুল ইসলাম সাংবাদিকদের জানান, রাত ৩টার দিকে ১০-১৫ জনের সশস্ত্র ডাকাতদল দেশীপাড়া গ্রামের পশ্চিমপাড়ার আবুল হোসেনের বাড়িতে হানা দেয়।
ডাকাতরা অস্ত্রের মুখে ঘরের দরজা খুলে দিতে বলে।
এক পর্যায়ে মোবাইল ফোনে আশপাশের লোকজনকে বাড়িতে ডাকাত পড়ার কথা জানায় আবুলের পরিবার।
পরে স্থানীয় মসজিদ থেকে মাইকিং করলে লোকজন জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া করে। অন্যরা পালিয়ে যেতে পারলেও ধরা পড়ে দুজন।
এসআই আহাদ জানান, গণধোলাইয়ে আহত দুজনকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করার পর তাদের মৃত্যু হয়।
গাজীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. মনিরুজ্জামান জানান, গণপিটুনিতে তারা মারাত্মক জখম হয়েছিলেন।
জয়দেবপুর থানার কর্তব্যরত এসআই মাসুদ রানা জানান, বিকেল ৩টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৭ ঘ.
bdnews24