২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২ আগস্ট

বেসরকারি উদ্যোগে আগামী ২ আগস্ট থেকে ঢাকায় শুরু হচ্ছে 'তৃতীয় এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2010, 09:47 AM

Updated : 25 Aug 2022, 04:53 PM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি উদ্যোগে আগামী ২ আগস্ট থেকে ঢাকায় শুরু হচ্ছে 'তৃতীয় এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা'। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলা চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত। মেলায় আবাসন শিল্প, নির্মাণ সামগ্রী, নির্মাণ কৌশল ও যন্ত্রপাতির ওপর আন্তর্জাতিক একটি প্রদর্শনীও থাকবে। মেলার উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া। রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মেলার আয়োজক প্রতিষ্ঠান 'কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিস (সেমস)' এর সভাপতি মেহরিন এন ইসলাম এসব তথ্য জানান। তিনি মেলার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, "এ মেলার মাধ্যমে এশিয়ার বিভিন্ন দেশের নানা রকম পণ্য ও সেবা প্রদর্শন হবে। গড়ে উঠবে বাণিজ্য ও পারস্পরিক সম্পর্কের নতুন দিগন্ত।" মেলায় বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, ভারত, ইরান, সিঙ্গাপুর, শ্রীলংকার ১০০টি প্রতিষ্ঠান অংশ নেবে। আয়োজকরা জানান, ইলেক্ট্রনিক্স, যোগাযোগ প্রযুক্তি, খাদ্য ও পানীয়, স্বাস্থ্য সেব পণ্য, প্রসাধন সামগ্রী, গৃহ সামগ্রী ফ্যাশন, কারু ও হস্ত শিল্প, আবাসন প্রকল্প ও নির্মাণ সামগ্রী মেলায় স্থান পাবে। প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা প্রবেশ মূল্যে মেলা পরিদর্শন করতে পারবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৫৪৪ ঘ.