পাবনা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনার বেড়া উপজেলায় একজন কর্মকর্তাসহ পুলিশের তিন সদস্য খুন হওয়ার ঘটনায় বুধবার সন্ধ্যা পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
সকালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, পুলিশের মহাপরিদর্শক (আইজি) নূর মোহাম্মদ, র্যাবের মহাপরিচালক (ডিজি) খন্দকার হাসান মাহমুদ, বিভাগীয় কমিশনার নুরুল ইসলাম, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোখলেছুর রহমান, পাবনার ডিসি এ এফ এম মনজুর কাদির ও পুলিশ সুপারিনটেনডেন্ট জামিল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাসুমদিয়া ইউনিয়নের রাজধরদিয়া চরে চরমপন্থীদের গুলিতে ঢালারচর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কফিলুদ্দিন, নায়েক ওয়াহেদুল ইসলাম ও কনস্টেবল শফিক আহমেদকে হত্যা করে।
পুলিশের সোর্স আব্দুল গণি মিয়া মারা যাননি। রাতে পুলিশ জানিয়েছিলো চরমপন্থীদের গুলিতে তিনিও মারা গেছেন।
ঘটনাস্থল পরিদর্শনের সময় পুলিশ কর্মকর্তারা তাকে সাংবাদিকদের সামনে হাজির করেন।
এ সময় রাজশাহী পুলিশ রেঞ্জের উপ মহাপরিদর্শক (ডিআইজি) মোখলেছুর রহমান সাংবাদিকদের জানান, ঢালারচর ইউনিয়নের দাসপাড়া গ্রামের মঞ্জুরের মহিষের গাড়ি নিয়ে সন্ধ্যা ৭টার দিকে এসআই কফিলুদ্দিন, নায়েক ওয়াহেদুল, কনস্টেবল শফিক ও আব্দুর রশিদ সোর্স গণি মিয়াকে সঙ্গে করে লাকড়ি আনতে প্রায় ছয় কিলোমিটার দূরে রাজধরদিয়া বাঁধ এলাকায় যায়।
এর মধ্যে কনস্টেবল রশিদ প্রস্রাব করতে আড়ালে যান। অন্যরা বাঁধ এলাকার পৌঁছার সঙ্গে সঙ্গে অস্ত্রধারী ১০-১১ জনের একদল চরমপন্থী তাদের ঘিরে ফেলে। পরে ধরে নিয়ে বাঁধের ওপর দাঁড় করিয়ে গুলি করে।
ডিআইজি জানান, চরমপন্থীরা মুখোশ ও লুঙ্গি পরা ছিলো। হত্যাকাণ্ডের পর তারা নৌকায় করে ওই স্থান ত্যাগ করে। যাওয়ার সময় তারা সর্বহারা পার্টির নামে স্লোগান দেয় বলে তিনি জানান।
এ ঘটনায় বেড়া থানায় একটি হত্যা মামলা হয়েছে।
মঙ্গলবার রাত থেকে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মোশারোফ হোসেন মিয়াজীর নেতৃত্বে অভিযান চলছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিআইজি মোখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
এর আগে ঘটনাস্থল পরিদর্শনের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, "এনকাউন্টার বন্ধ হওয়ার কারণে আজ পুলিশকে অসহায়ভাবে জীবন দিতে হচ্ছে।
"পুলিশের সঙ্গে এনকাউন্টারে কোনো সন্ত্রাসী নিহত হলে মানবাধিকার কর্মী ও মিডিয়ার লোকজন সমালোচনা করে। অথচ বাস্তব অবস্থা কেউ বুঝতে চায় না।"
তিনি আরো বলেন, পুলিশ আত্মরক্ষার জন্য পাল্টা গুলি করলে আজ এ অবস্থা হতো না। এভাবে চলতে থাকলে পুলিশ সন্ত্রাসীদের গ্রেপ্তারে আগ্রহ হারিয়ে ফেলবে।
তিনি এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
শিগগির চরমপন্থী সন্ত্রাসীদের দমনে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে বলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান।
দুপুরে নিহত তিন পুলিশ সদস্যের জানাজা হয় পাবনা পুলিশ লাইনে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, পুলিশের আইজি, র্যাবের ডিজি ও সহকর্মী পুলিশ সদস্যসহ কয়েকশ' মানুষ জানাজায় অংশ নেন।
জানাজা শেষে তিনজনের লাশ তাদের গ্রামের বাড়ি পাঠানো হয়।
এসআই কফিলুদ্দিনের বাড়ি কুড়িগ্রামের চিলমারী উপজেলার ফকিরহাট গ্রামে। নায়েক ওয়াহেদুল ইসলামের বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় এবং কনসটেবল শফিক আহমেদের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বানিয়াগাঁতি গ্রামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১০ ঘ.
bdnews24