২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড

বিষ প্রয়োগে স্ত্রী হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে বগুড়ার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2010, 12:43 PM

Updated : 25 Aug 2022, 04:20 PM

বগুড়া, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিষ প্রয়োগে স্ত্রী হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে বগুড়ার একটি আদালত। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিতাই চন্দ্র সাহা এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত মো. গোলাম রব্বানী খান (৪০) জেলার কাহালু উপজেলার বাশুদেববাটি গ্রামের জয়নাল আবেদীন খানের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিউকিউটর মো. জহুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৬ সালের ২৮ নভেম্বর রাতে গোলাম রব্বানী প্রতিবেশীদের জানান সাপে কাটার ফলে তার স্ত্রী শিরিনা খাতুনের (৩০) মৃত্যু হয়েছে। পরদিন এ ঘটনায় কাহালু থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়। কিন্তু শিরিনার বড় ভাই সিরাজুল হক একই বছরের ৫ ডিসেম্বর আদালতে একটি হত্যার অভিযোগ দায়ের করেন। আদালত অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করে কাহালু থানাকে নির্দেশ দেয়। ২০০৮ সালে ৩১ মার্চ গোলাম রব্বানীর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ইনজেকশনের মাধ্যমে শিরিনার শরীরে কীটনাশক প্রয়োগ করে তাকে হত্যা করা হয় বলে অভিযোগপত্রে বলা হয়। রায় ঘোষণার সময় রব্বানী আদালতে উপস্থিত ছিলেন। শিরিনা কাহালু উপজেলার বামুজা গ্রামের খোরশেদ আলীর মেয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৮৩৭ ঘ.