২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাইক্রোবাস চাপায় ঢাবির পরিচ্ছন্নতা কর্মী নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের পরিচ্ছন্নতা কর্মী রূপচান বেগম (৪৫) মাইক্রোবাস চাপায় নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2010, 03:02 PM

Updated : 25 Aug 2022, 01:48 PM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের পরিচ্ছন্নতা কর্মী রূপচান বেগম (৪৫) মাইক্রোবাস চাপায় নিহত হয়েছেন। হলের প্রাধ্যক্ষ অধ্যাপক লায়লা নুর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ৮টার দিকে টিএসসি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ঘাতক গাড়িটি পালিয়ে যায়।" প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টিএসসির পূর্বপাশের রাস্তা পারপারের সময় শাহবাগ থেকে ছুটে আসা একটি মাইক্রোবাস রূপচানকে ধাক্কা দিয়ে পালিয়ে যেতে উদ্যত হয়। এ সময় দ্রুত বেগে ছুটে চলা গাড়িটির বাম্পারের সাথে শাড়ীর আঁচল আটকে যায়। গাড়িটি রূপচানকে টেনে-হিচড়ে কালি মন্দিরের গেট পর্যন্ত নিয়ে যায়। এরপর পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয় এলাকায় বাইরের গাড়ি প্রবেশে আমরা কড়াকড়ি আরোপ করেছি। এরপরও এ দুঃখজনক ঘটনাটি ঘটেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএএ/২১০২ঘ.