ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আগামী রোববারের পর ঢাকা মহানগরীর প্রতিটি ওয়ার্ডে জাতীয় পরিচয়পত্র বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হালনাগাদ করা তালিকার নতুন ভোটারদের ভোগান্তি কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন।
গত ৯ জুলাই থেকে মহানগরীর ৯০টি ওয়ার্ডের ৫টি কেন্দ্রে ভোটারদের মধ্যে জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হয়েছে। যা চলবে আগামী ১৮ জুলাই পর্যন্ত।
কিন্তু পরিচয়পত্র পাওয়া নিয়ে ভোটারদের নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার নির্বাচন কমিশন (ইসি) এ কার্যক্রমের ব্যাপারে নতুন সিদ্ধান্ত নিলো।
ছহুল হোসাইন জানান, নতুন কার্যক্রমের পরও, গত মঙ্গলবার থেকে শুরু হওয়া ঢাকা মহানগরীর ভোটারদের পরিচয়পত্র বিতরণ কার্যক্রম যথা নিয়মেই চলতে থাকবে।
তিনি বলেন, "ভোটারদের নিরুৎসাহিত হওয়ার কোনো কারণ নেই। নির্ধারিত সময় শেষ হওয়ার পরও ওয়ার্ড পর্যায়ে পরিচয়পত্র দেওয়া হবে।"
এরপরও যেসব পরিচয়পত্র বিতরণ বাকি থেকে যাবে, তা কিভাবে সংগ্রহ করতে হবে সে বিষয়ে জনসাধারণকে জানানোর ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এলাকায় বর্তমান প্রায় ৩৭ লাখ ভোটারের মধ্যে দুই লাখেরও বেশি ভোটার হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্ত।
২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের পর এ পর্যন্ত ডিসিসি এলাকার হালনাগাদ ভোটার তালিকায় ২ লাখ ২৭ হাজার ৬৫২ জন ভোটার নতুন করে নিবন্ধিত হয়েছে। নতুন ভোটারদের এখন পরিচয়পত্র দেওয়া হচ্ছে।
সোমবার দুপুরে মোহম্মদপুর শারীরিক শিক্ষা কলেজে খোলা পরিচয়পত্র বিতরণ কেন্দ্রে গিয়ে দেখা গেছে, পরিচয়পত্র না পেয়ে ভোটাররা সেখানে হট্টগোল শুরু করে। পুলিশও মারমুখি অবস্থান নেয়। ভোটাররাও নানা ধরণের অভিযোগ করে।
পরিচয়পত্র সংগ্রহের জন্য আসা আবদুল আলীম বলেন, "সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছি। কিন্তু এখনো পরিচয়পত্র পাইনি।"
এসব সমস্যা প্রসঙ্গে নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেন, "পরিচয়পত্র বিতরণের যে কার্যক্রম চলছে এটি পাইলট প্রকল্প। আগামীতে যাতে ভোটাররা সহজে জাতীয় পরিচয়পত্র পায় এজন্য ব্যবস্থা নেয়া হবে। এ জন্য লোকবলও বাড়ানো হবে।"
এদিকে কোন ব্যাক্তির কাছে যদি জাতীয় একাধিক পরিচয়পত্র থেকে থাকে তাহলে একটি রেখে বাকিগুলো জমা দেওয়ার জন্য সময় বেধে দেওয়া হবে বলে জানান এই নির্বাচন কমিশনার। নির্ধারিত সময়ের মধ্যে জমা না দিলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।
আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে ইউপি, পৌরসভা এবং ডিসিসি নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের পরিকল্পনার কথাও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএএ/২০০৮ঘ.
bdnews24