২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'৭ মাত্রার ভূমিকম্পে ঢাকার ৭২ হাজার দালান ধ্বংস হবে'

সাত থেকে সাড়ে সাত মাত্রার ভূমিকম্প হলে রাজধানী ঢাকার প্রায় ৭২ হাজার দালান সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে এবং ৮৫ হাজার দালান আংশিক বা তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।(আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2010, 06:23 AM

Updated : 25 Aug 2022, 12:59 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাত থেকে সাড়ে সাত মাত্রার ভূমিকম্প হলে রাজধানী ঢাকার প্রায় ৭২ হাজার দালান সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে এবং ৮৫ হাজার দালান আংশিক বা তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। জাতীয় সংসদে সোমবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক এ আশঙ্কা প্রকাশ করেন। রাজশাহী-৬ আসনের সাংসদ শাহ্রিয়ার আলমের প্রশ্নের জবাবে রাজ্জাক বলেন, "ঢাকায় আট মাত্রার ভূমিকম্প হওয়ার মতো ভূতাত্ত্বিক ফাটল রেখা নেই। তবে, ঢাকা থেকে ৬০ কিলোমিটার দূরে মধুপুর অঞ্চলে সাত থেকে সাড়ে সাত মাত্রার ভূমিকম্প হওয়ার মতো ভূতাত্ত্বিক ফাটল রেখা রয়েছে।" তিনি জানান, ঢাকা সিটি করপোরেশন অঞ্চলের তিন লাখ ২৬ হাজার দালানের ওপর সমীক্ষা চালিয়ে দেখা গেছে, সাত থেকে সাড়ে সাত মাত্রার ভূমিকম্প হলে রাজধানী ঢাকার প্রায় ৭২ হাজার দালান সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। আর ৮৫ হাজার দালান মধ্যম বা তার চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত হবে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বলেন, রাতের বেলা ভূমিকম্প হলে ঢাকায় ৯০ হাজার লোক এবং দিনের বেলায় ভূমিকম্প হলে ৭০ হাজার লোক হতাহত হবে। শুধু দালান ভাঙ্গার কারণে ক্ষয়ক্ষতি হবে ছয় বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ। নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের নিু আয়ের মানুষদের জন্য রেশন ব্যবস্থা পুনঃপ্রবর্তনের কোনো পরিকল্পনা সরকারের নেই। সরকারি দলের সাংসদ সাধনা হালদারের এক প্রশ্নের জবাবে খাদ্য মন্ত্রী বলেন, নির্ধারিত মূল্যে চাল ক্রয়ের সুবিধার্থে গরীব ও দুস্থদের মধ্যে সরকার ২২ লাখ ২৫ হাজার ফেয়ার প্রাইজ কার্ড দেবে। সীমিত ও স্বল্প আয়ের উপর নির্ভরশীল কিন্তু ভিজিএফসহ সরকারি কোন সুবিধা পায় না তারাই এ কার্ড পাওয়ার যোগ্য হবেন। মন্ত্রী জানান, এ কার্ড দেওয়ার জন্য তালিকা প্রণয়ন করতে প্রতিটি ওয়ার্ড পর্যায়ে পরিবার বাছাই ও তালিকা তৈরির জন্য ৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়েছে। মেয়র এবং সাংসদগন এসব কমিটির উপদেষ্টা থাকবেন। ওয়ারেসাত হোসেন বেলালের অপর এক প্রশ্নের জবাবে খাদ্য মন্ত্রী বলেন, দেশের খাদ্যশস্যের কোন ঘাটতি নেই। দেশে উৎপাদিত চাল চাহিদার চেয়ে বেশী হলেও উৎপাদিত গম দেশের চাহিদার তুলনায় কম। ব্রাক্ষ্মণবাড়ীয়া-৪ আসনের সাংসদ মোহাম্মদ শাহজাহান খানের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী ফারুক খান জানান, ২০০৯-১০ অর্থ বছরে ৪২টি দেশে হিমায়িত চিংড়ি রপ্তানি করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী সংসদে এ সময় হিমায়িত চিংড়ি রপ্তানির যে পরিসংখ্যান দিয়েছেন তাতে দেখা গেছে প্রতি অর্থবছরেরই চিংড়ির রপ্তানি কমেছে। তিনি জানান, ২০০৬-০৭ অর্থবছরে ৪৫৬ দশমিক ৯৮ মিলিয়ন মার্কিন ডলারের, ২০০৭-০৮ অর্থবছরে ৪৪৬ দশমিক ৪১ মিলিয়ন ডলারের, ২০০৮-০৯ অর্থবছরে ৩৫৩ দশমিক ১৬ মিলিয়ন ডলারের এবং ২০০৯-১০ অর্থবছরে ২৬১ দশমিক ৪২ মিলিয়ন ডলারের চিংড়ি রপ্তানি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/কেএমএস/১৩৩৪ ঘ.