২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সংবাদ সম্মেলন বিকালে

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে শুক্রবার এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে যাচ্ছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2010, 03:47 AM

Updated : 25 Aug 2022, 12:48 PM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে শুক্রবার এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে যাচ্ছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যলয়ে এ সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে। আগামী ২৭ জুনের (রোববার) হরতাল সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার রাতে বিএনপির নীতি নির্ধারক ও মহানগর নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক শেষে তার প্রেস সচিব মারুফ কামাল খান একথা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "শুক্রবার বিকাল সাড়ে ৪টায় ম্যাডাম গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। এতে তিনি দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন বলে আশা করা যাচ্ছে।" সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত ১৯ মে পল্টন ময়দানে বিএনপির ঢাকা বিভাগীয় মহাসমাবেশে ২৭ জুন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন করতে যাচ্ছে বিএনপি। মাঝে রাজধানীর পুরান ঢাকা ও বগুড়া জেলায় হরতাল পালন করেছে তারা। বিএনপির স্থায়ী কমিটি সদস্য খন্দকার মোশাররফ হোসেন শুক্রবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ২৭ তারিখের হরতাল সফল করার প্রস্তুতি শেষ করে এনেছি। গণসংযোগ হয়েছে সারাদেশে। আমরা শান্তিপূর্ণভাবে এ হরতাল কর্মসূচি পালন করবো।" এ সময় তিনি সরকারকে তাদের এই কর্মসূচি পালনে বাধা না দেওয়ার আহ্বান জানান। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বৃহস্পতিবার রাতের বৈঠকে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, রফিকুল ইসলাম মিয়া, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকাসহ মহানগর নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মির্জা আব্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরতালে ম্যাডাম (খালেদা) সব নেতাকে রাজপথে থাকার নির্দেশ দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/০৯৪১ ঘ.