২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব স্তরে সম্পদ বণ্টনে কাজ করার আহবান

রাজনীতিবিদ ও সুশীল সমাজের নেতৃত্বে একটি অভিন্ন প্ল্যাটফর্ম থেকে জনগণের মধ্যে সম্পদ বণ্টনের লক্ষ্যে কাজ করে যাওয়ার আহ্বান জানানো হয়েছে বাংলাদেশ শান্তি পরিষদের সম্মেলনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2010, 09:13 AM

Updated : 25 Aug 2022, 12:28 PM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনীতিবিদ ও সুশীল সমাজের নেতৃত্বে একটি অভিন্ন প্ল্যাটফর্ম থেকে জনগণের মধ্যে সম্পদ বণ্টনের লক্ষ্যে কাজ করে যাওয়ার আহ্বান জানানো হয়েছে বাংলাদেশ শান্তি পরিষদের সম্মেলনে। শনিবার বাংলাদেশ কৃষি গবেষণা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ শান্তি পরিষদের জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়। পরিষদের সভাপতি ডা. সারোয়ার আলী এ আহ্বান জানিয়ে বলেন, "শান্তি পরিষদের মূল লক্ষ্য, অবমূল্যায়নের বিরুদ্ধে মূল্যায়নের তরে কাজ করা। এ লক্ষ্যে একটি কমন প্ল্যাটফর্ম গড়ে তোলা হবে। সৃষ্ট সম্পদ যাতে সকল শ্রেণীর মানুষের কাছে পৌঁছানো যায় সে লক্ষ্যে এ প্ল্যাটফর্ম থেকে রাজনীতিবিদ ও সুশীল সমাজের নেতৃত্বে কাজ করে যাওয়া হবে।" সম্মেলনে প্রধান অতিথি স্পিকার আবদুল হামিদ বলেন, "বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শান্তি স্থাপনে নিরলস কাজ করে যাচ্ছে। যে কোন ধরনের দুর্যোগের সময়ই সকলের পাশে থাকার প্রচেষ্টা বাংলাদেশের রয়েছে।" বাংলাদেশের এ প্রচেষ্টা আন্তরিকভাবেই অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক এমেরিটাস আনিসুজ্জামান বলেন, "শান্তি আন্দোলন হয়তো আগের মতো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা লাভ করবে না। জনসাধারণের শক্তি ও সম্বল দিয়েই সে আন্দোলন পরিচালনা করতে হবে। ঠান্ডা যুদ্ধের অবসান হয়েছে বলে শান্তি আন্দোলনের প্রয়োজনীয়তাও ফুরিয়েছে- এ কথা ভাবা ভুল হবে।" তিনি বলেন, বিশ্ব জনমত যুদ্ধের বিরুদ্ধে, শান্তির পক্ষে। তাই মানুষের যুদ্ধবিরোধী মনোভাবকে যত ব্যপ্ত করা যাবে ততই শান্তির শক্তি জোরালো হয়ে উঠবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, প্রকৃতির মাঝেই শান্তির উপাদান নিহিত রয়েছে। শান্তির কারণেই পৃথিবী অতি দ্রুত সমৃদ্ধি ও কল্যানের দিকে এগিয়ে যাবে। তাই শান্তির প্রতি মনোভাব তৈরিতেই এগিয়ে থাকতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিচারপতি গোলাম রাব্বানী, শান্তি পরিষদের সাধারণ সম্পাদক কামাল হায়দার। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি সারোয়ার আলী। বিশ্ব শান্তি পরিষদ থেকে পাঠানো শুভেচ্ছা প্রস্তাব পাঠ করেন কামাল হায়দার। সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাশেদ খান মেনন, মুজাহিদুল ইসলাম সেলিম, মঞ্জুরুল আহসান খান, হিলালউদ্দিন, হাসান তারিক চৌধুরী, দিবালোক সিংহ, নারীনেত্রী শিরিন আক্তার, এশিয়াটিক সোসাইটির সদস্য সচিব মাহফুজা খানম, হায়দার আকবর খান রনো, অধ্যাপক এম এম আকাশ, অধ্যাপক পান্না কায়সার, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের পর থাকছে পরিষদের কাউন্সিল অধিবেশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/কেএমএস/১৫০১ ঘ.