২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় মুজাহিদের সমাবেশ পণ্ড

জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে সমাবেশ করতে দেয়নি বগুড়ার শাজাহানপুর উপজেলা প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2010, 12:22 PM

Updated : 25 Aug 2022, 11:18 AM

বগুড়া, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে সমাবেশ করতে দেয়নি বগুড়ার শাজাহানপুর উপজেলা প্রশাসন। পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে সমাবেশস্থল ত্যাগ করেন মুজাহিদ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমাবেশস্থলে ১৪৪ ধারা জারি করা হয়। প্রশাসন বলেছে, মুজাহিদ গোপনে সমাবেশ করার চেষ্টা করায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় শাহজাহানপুর উপজেলার শাজাপুর ফুলতলা ফাজিল মাদ্রাসা ময়দানে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মুজাহিদ মঞ্চে বক্তৃতা করার সময় তার হাত থেকে মাইক্রোফোন নিয়ে নেন ইউএনও দেওয়ান আব্দুস সামাদ। পুলিশের সহায়তা ইউএনও জামায়াত নেতাকে মঞ্চ থেকে নামিয়ে দেন। এ সময় জামায়াত কর্মীরা তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ও জুতা ছুড়ে মারে। শাজাহানপুর থানার ওসি আনিছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই মাদ্রাসা মাঠে জামায়াতের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান ফকিরের মৃত্যুবার্ষিকী স্থানীয় ভাবে পালনের কথা ছিল। মুজাহিদ ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হবেন তা জামায়াত নেতারা গোপন রেখেছিলেন। প্রশাসনের অনুমতি ছাড়াই মুজাহিদ সেখানে সমাবেশ করার চেষ্টা করেন। ওসি বলেন, ১৪৪ ধারা জারির পরও যারা বিশৃঙ্খলাসহ ইটপাটকেল নিক্ষেপ করে সরকারি কাজে বাধা দিয়েছে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। ইউএনও দেওয়ান আব্দুস সামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামায়াত কর্মীরা তাকে মারধর করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক জামায়াত নেতা বলেন, "বগুড়া শহরের চক ফরিদ এলাকার ওলিউল্লাহ মিলনায়তনে একটি কর্মী সভায় শুক্রবার মুজাহিদের যোগ দেওয়ার কথা আছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো না হওয়ায় তার আগমনের বিষয়টা গোপন রাখা হয়েছিল।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮১০ ঘ.