২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০০০ বন্দীকে মুক্তি দিতে বলেছেন প্রধানমন্ত্রী

দীর্ঘদিন ধরে কারা ভোগকারী বৃদ্ধ, নারী, শিশু, প্রতিবন্ধী ও অসুস্থ এমন এক হাজার বন্দিকে মুক্তি দেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2010, 04:15 PM

Updated : 24 Aug 2022, 09:15 PM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘদিন ধরে কারা ভোগকারী বৃদ্ধ, নারী, শিশু, প্রতিবন্ধী ও অসুস্থ এমন এক হাজার বন্দিকে মুক্তি দেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার কেন্দ্রীয় কারাগারে রোববার বিকালে 'বঙ্গবন্ধু কারা স্মৃতি জাদুঘর' ও 'জাতীয় চার নেতা কারা স্মৃতি জাদুঘর' উদ্বোধনের পর কারা কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন বলে জানিয়েছেন তার প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ। জাদুঘর উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর একটি ভাষ্কর্যে ফুল দেন এবং তার বাবা প্রয়াত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের দেওয়ানী সেলকে বঙ্গবন্ধু কারা স্মৃতি জাদুঘর করা হয়েছে। বঙ্গবন্ধু কারাজীবনের অনেক সময় এই সেলেই আটক ছিলেন। জাদুঘর পরিদর্শন করে শেখ হাসিনা সেখানে একটি গাছের চারা রোপণ করেন। এসময় বঙ্গবন্ধুর কারা জীবনের ওপর দ্বিতীয় আবাসন নামে আলোছায়ার পরিবেশ সৃষ্টি করে ধারা বর্ণনাসহ একটি উপস্থাপনা প্রদর্শন করা হয়। বঙ্গবন্ধু কারা স্মৃতি জাদুঘর উদ্বোধনের পর হাসিনা জাতীয় চার নেতা কারা স্মৃতি জাদুঘর উদ্বোধন করেন। এসময় তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিহত চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানের ভাষ্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর আগে প্রধানমন্ত্রীকে কেন্দ্রীয় কারাগারে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। সরকার প্রধানের আগমন ঘিরে কারাগারের আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতা কারা স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক সিদ্দিকী, এম মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম, এএইচএম কামরুজ্জামানের ছেলে খায়রুজ্জামান লিটন, তাজউদ্দিন আহমেদের মেয়ে সিমিন হোসেন রিমি ও মেহের জাবিন আহমেদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দীন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিমসহ কারাগারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২২১০ ঘ.