মাদারীপুর, ০৩ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সোমবার রাতে বরিশালে এক ব্যক্তি নিহত হয়েছেন।
র্যাবের ভাষ্য, নিহত আসাদুল ইসলাম শাহিন (২৯) ওরফে লেডি শাহিন বরিশাল মহানগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তিনি নগরীর আমানতগঞ্জ এলাকার বাসিন্দা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাদারীপুর প্রতিনিধি জানান, রাত ৩টার দিকে বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাব-৮ বরিশালের উপসহকারী পরিচালক (ডিএডি) মুহম্মদ হামিদুল হক জানান, তার নেতৃত্বে র্যাবের একটি দল পশ্চিম কাউনিয়ায় টহল দিচ্ছিলো। ৫-৬ জন লোকের একটি দলকে সন্দেহ হলে তাদের থামার নির্দেশ দেওয়া হয়।
কিন্তু তারা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে ছুড়তে পালানোর চেষ্টা করে। র্যাবও পাল্টা গুলি চালায়। দুপক্ষের মধ্যে প্রায় ১০ মিনিট গোলাগুলি চলে।
র্যাব কর্মকর্তা জানান, সকালে ঘটনাস্থল থেকে শাহিনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান তার মৃত্যু হয়েছে।
ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ভর্তি একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড রাইফেলের তাজা গুলি, দুই রাউন্ড বন্দুকের কার্তুজ উদ্ধার করে র্যাব সদস্যরা।
ডিএডি হামিদুল হক জানান, গত ২২ ফেব্র"য়ারি নগরীর কালিবাড়ি রোডে অনিক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে শাহিনের বিরুদ্ধে। এ ঘটনা পর তিনি গা ঢাকা দিয়েছিলেন।
তার বিরুদ্ধে বরিশাল থানায় একটি হত্যা মামলাসহ বেশ কয়েকটি অভিযোগ রয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১২ ঘ.
bdnews24