ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সবুজবাগ থানা এলাকায় রোববার লাগেজের ভেতর থেকে বস্তাবন্দি অবস্থায় এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।
সবুজবাগ থানার উপপরিদর্শক ইমরান হোসেন জানান, দুপুর আড়াইটায় ১৪৩ মাণ্ডা দানবের গলির বাড়ির মালিক খোন্দকার আব্দুস সোবহান থানায় ফোন করে জানান, তার বাড়ির ভাড়াটের কক্ষ থেকে রক্ত বের হচ্ছে। পুলিশ এসে তালাবদ্ধ রুম ভেঙ্গে দেখে যে একটি লাগেজের ভেতর থেকে রক্ত বের হচ্ছে। এর ভেতরের বস্তা থেকে এক মহিলার লাশ উদ্ধার করা হয়।
পরে অন্যান্য ভাড়াটের কাছ থেকে জানা যায়, নিহত তরুণীর নাম শিরিন (২৫)।
বাড়ির মালিক জানান, দুইমাস আগে শিরিন দম্পতি তিনতলা ভবনের ২য় তলার একটি রুম ভাড়া নেয়। তবে শিরিনের স্বামীর নাম বলতে পারেননি বাড়ির মালিক।
শিরিনকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ। নিহত মহিলার স্বামীকে আটক করতে পারলে ঘটনার মূল কারণ উদঘাটন করা যাবে বলে জানান পুলিশ কর্মকর্তা ইমরান হোসেন। লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এইচএ/
bdnews24