গাজীপুর, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালীগঞ্জ থেকে উদ্ধার করা গুলিবিদ্ধ এক যুবক শনিবার দিবাগত রাতে মারা গেছেন।
রাত সাড়ে ৮টার দিকে কালীগঞ্জের তুমুলিয়া খ্রিস্টান মিশন এলাকায় টঙ্গী-ঘোড়াশাল সড়কের পাশ থেকে তাকে উদ্ধারের পর প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত মনির হোসেনের (২৭) বাড়ি যশোরের গাজীর দরগা এলাকায়। তিনি ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার আজিজ মার্কেটে মায়ের দোয়া টিম্বার এন্ড ট্রেডার্সের মালিক মুজিবুর রহমানের ছোট ভাই। মনির তার সঙ্গেই ঢাকায় থাকতেন।
কালীগঞ্জ থানার ওসি আব্দুল আওয়াল সাংবাদিকদের জানান, মনিরকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তার কপাল, বাম কানের উপর ও ডান বাহুতে গুলির ক্ষত ছিল।
মনিরের বড় ভাই মুজিবুর রহমান জানান, রাত দেড়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজের ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফোনে খবর পেয়ে তিনি রাতে হাসপাতাল যান। মনিরের কাছে তার ঠিকানা ও ফোন নম্বরসহ কার্ড ছিল।
মুজিবুর আরো জানান, ক্যান্টনমেন্ট থানায় একটি অস্ত্র মামলায় জেল খেটে ৭-৮ মাস আগে ছাড়া পায় মনির। একই থানায় তার বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৫০৪ ঘ.
bdnews24