সিলেট, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ত্র-গোলাবারুদসহ অনুপ্রবেশের অভিযোগে আটক চার ভারতীয় নাগরিককে ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছে সিলেটের একটি আদালত।
বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিশেষ ট্রাব্যুনাল-২ এর ভারপ্রাপ্ত বিচারক মো. জালালউদ্দিন আহাম্মদ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ভারতের শিলংয়ের বাসিন্দা রবিন (৪৬), মিলন (১৯), অবার (২৬) ও ইস্টার (৩৮)।
২০০৫ সালের ১৫ জুন সিলেটের কানাইঘাট উপজেলার খাড়া-বাল্লা সীমান্তে এদের আটক করে বিডিআর।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয় এ কে ৫৬ রাইফেল, নাইন-এমএম পিস্তল, আর্জেস গ্রেনেড, তিন হাজার ভারতীয় রূপি ও দুই হাজার ৭০০ টাকা।
মামলার নথি থেকে জানা যায়, আটককৃতদের 'ভারতীয় জঙ্গি গ্র"পের সদস্য' হিসেবে উল্লেখ করে কানাইঘাট থানায় মামলা করেন খাড়া-বাল্লা সীমান্ত ফাঁড়ির বিডিআর'র নায়েক সুবেদার মো. আমির খসরু।
পরবর্তীতে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার দেখিয়ে চারজনকে সিলেট কারাগারে পাঠানো হয়।
কানাইঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক ও জামালউদ্দিন ভূঁইয়া মামলাটি তদন্ত করেন। তারা ওই বছরের ১৪ আগস্ট এই চারজনকে ভারতীয় জঙ্গি উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দেন।
ওই বছরের ১০ নভেম্বর আদালতে অভিযোগ (চার্জ) গঠন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩১৪ ঘ.
bdnews24