ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উজান থেকে আসা পাহাড়ি ঢলে বৃহত্তর সিলেট, নেত্রকোনা ও কিশোরগঞ্জের হাওর অঞ্চলে ফসলের ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের বিশেষ সহায়তা দেবে সরকার।
অকাল বন্যায় জাতীয় উৎপাদনের ক্ষতি কাটিয়ে উঠতে আউশ মৌসুমে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য সরকারের কাছ থেকে বিশেষ অর্থ সহায়তা পাবে ৫১ জেলার কৃষক।
বুধবার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী।
এপ্রিলের শুরু থেকে এ পর্যন্ত উজান থেকে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনা, সুনামগঞ্জ ও কিশোরগঞ্জের হাওর এলাকায় পানি বেড়ে বেশ কয়েকটি বন্যা নিয়ন্ত্রণ ও ফসল রক্ষ বাঁধ ভেঙে যায়। এতে তলিয়ে যায় কয়েক লাখ একর জমির ইরি-বোরো ফসল।
এ কর্মসূচি বাস্তবায়নে বুধবার অর্থ মন্ত্রণালয় ২৫ কোটি ৯৫ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দের একটি প্রস্তাবও অনুমোদন করেছে। বরাদ্দ হওয়া অর্থ ইতোমধ্যেই জেলা প্রশাসকদের অনুকূলে ছাড় করা হয়েছে বলে জানান কৃষি মন্ত্রী।
সংবাদ সম্মেলনে কৃষি সচিব সিকিউকে মুসতাক আহমদ, অতিরিক্ত সচিব কাজী আকতার হোসেন এবং বীজ উইংয়ের মহাপরিচালক আনোয়ার ফারুক উপস্থিত ছিলেন।
মতিয়া বলেন, বৃহত্তর সিলেট, নেত্রকোনা ও কিশোরগঞ্জের হাওর অঞ্চলে পাহাড়ি ঢলে প্রায় ৪০ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার এসব ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকদের বিশেষ সহায়তার উদ্যোগ নেবে।
তিনি বলেন, তবে হাওর এলাকায় ফসলের ক্ষতির কারণে জাতীয় উৎপাদনে যে ঘাটতি দেখা দেবে, তা হাওর অঞ্চলে আবাদের মাধ্যমে পুষিয়ে নেওয়া সম্ভব হবে না। কারণ, ওই এলাকার জমি এক ফসলী। তাই সরকার ৫১ জেলায় আউশ চাষের মাধ্যমে এ ক্ষতি কাটিয়ে উঠার চেষ্টা করবে। এ লক্ষে একটি প্রকল্প ইতোমধ্যেই অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে।
কৃষিমন্ত্রী জানান, এ কর্মসূচির আওতায় ৫১ জেলার তিন লাখ ৪৬ হাজার ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এক বিঘা জমিতে আউশ ধান চাষের জন্য কৃষি সামগ্রী সরবরাহ করা হবে। প্রতি কৃষক ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি টিএসপি ও ১০ কেজি এমওপি সার পাবেন। এতে অতিরিক্ত এক লাখ ১৬ হাজার মেট্রিক টন আউশ উৎপাদন হবে।
বরাদ্দ হওয়া অর্থে ছয় হাজার ৯২২ মেট্রিক টন ইউরিয়া, তিন হাজার ৪৬১ টন টিএসপি এবং তিন হাজার ৪৬১ টন এমওপি সার কেনা হবে। জেলা প্রশাসক ও জেলা কৃষি অফিসের উপ-পরিচালকরা নীতিমালা অনুযায়ী এসব সার কৃষকদের মধ্যে বিতরণ করবেন বলে তিনি জানান।
হাওর এলাকার ফসলের ক্ষতি হলেও জাতীয় উৎপাদন কমে যাবে না বলে মনে করেন কৃষিমন্ত্রী।
এ সম্পর্কে তিনি জানান, এ পর্যন্ত মাত্র দুই শতাংশ বোরো ফসল কাটা হয়েছে। মাঠ পর্যায়ের তথ্য অনুযায়ী সরকারের প্রত্যাশার চেয়েও ফসল অনেক ভাল হয়েছে। ফলে ফসলের উৎপাদন ব্যাহত হওয়ার কোনো আশংকা নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২১৪৭ ঘ.
bdnews24