মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন মে মাসে করার পরিকল্পনা থাকলেও সরকার চাইলে পিছু হটতে পারে নির্বাচন কমিশন। সে রকমই আভাস দিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
স্থানীয় সরকার বিভাগও নির্বাচন পেছানোর পক্ষেই মত দিতে যাচ্ছে বলে বিভাগের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন।
স্থানীয় সরকারের অধীন ডিসিসি নির্বাচন ৩১ মে-তে অনুষ্ঠানের বিষয়ে মতামত চেয়ে গত ৬ এপ্রিল স্থানীয় সরকার বিভাগে চিঠি পাঠায় ইসি। আগামী রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে লিখিত মতামত দেওয়া হবে বলে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মাহমুদা শারমীন বেনু মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
সাখাওয়াত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "৩১ মে ডিসিসি নির্বাচন করার বিষয়ে আমরা অনড় অবস্থানে আছি-এমন নয়। নির্বাচন না করার বিষয়ে যৌক্তিক ব্যাখ্যা পেলে তা ইসি ভেবে দেখতে পারে।"
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা সিটি কর্পোরেশনের ওয়ার্ডের সংখ্যা বেড়ে যাওয়ায় (৯০ থেকে ৯২টি) সব ওয়ার্ডের চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়ন, সিইজিআইএস পদ্ধতিতে সীমানা পুনর্র্নিধারণ সম্পন্ন হওয়াসহ প্রয়োজনীয় গেজেট প্রকাশ না হওয়ার বিষয়টিই এখন নির্বাচন না করার জন্য 'যুক্তিযুক্ত' কারণ হিসেবে উল্লেখ করবে স্থানীয় সরকার বিভাগ।
সীমানা পুনর্র্নিধারণের বিষয়টি এখনো নিষ্পত্তি না হওয়ায় তা আইনি জটিলতা বাড়াতে পারে বলেও মনে করছেন তিনি। একইসঙ্গে তিনি বলেন, অর্থছাড়সহ নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় লোকবলেরও বিষয়টিও কারণ হিসেবে দেখানো হবে।
তবে ঢাকা বিভাগীয় উপনির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফুর রহমান দাবি করেছেন, ওয়ার্ড বাড়ানোয় ভোটার তালিকায় কোনো সমস্যা হয়নি।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোটার তালিকাসহ সার্বিক বিষয়ে ইসির প্রস্তুতি রয়েছে। ইসি তফসিল ঘোষণা করে নির্বাচন অনুষ্ঠানের সব ধরনের ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।"
সিইজিআইএস-এর নির্বাহী পরিচালক গিয়াসউদ্দিন আহমেদ চৌধুরী মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকার অখণ্ডতা ও যতদূর সম্ভব জনসংখ্যা অনুপাতের ওয়ার্ডের সীমানা পুনর্র্নিধারণ কাজ চলছে। যা শেষ হতে মাস খানেকও লাগবে না।
উপ-সচিব মাহমুদা বলেন, "সিটি কর্পোরেশন আইনের আলোকে নির্বাচন কমিশনকে স্থানীয় সরকার বিভাগ মতামত দেবে। তাতে কোনো কোনো বিষয়ে আরো সংশোধন কিংবা আইনের আরো সুস্পষ্ট ধারণার প্রয়োজনের বিষয়টি তুলে ধরা হবে। এ অবস্থায় মে মাসে নির্বাচনের কতটুকু যৌক্তিকতা রয়েছে বা আদৌ নির্বাচন করা যাবে কিনা, সে বিষয়ে মতামত থাকবে চিঠিতে।"
ঢাকা সিটি কর্পোরেশনে সর্বশেষ নির্বাচন হয় ২০০২ সালের ২৪ এপ্রিল, যা মেয়াদোর্ত্তীর্ণ হয় ২০০৭ সালের ১৪ মে। ইসি গত বছর থেকেই ডিসিসি নির্বাচনের বিষয়ে উদ্যোগী হলেও তা করতে পারেনি। সর্বশেষ মে মাসে নির্বাচনের সিদ্ধান্ত নেয়।
১৮ এপ্রিলের মধ্যে সরকারের মতামত না পেলে ইসি নির্বাচনের তফসিল ঘোষণা করবে বলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা সোমবার সাংবাদিকদের জানান।
মে মাসের পরে নির্বাচন করার অনেক অসুবিধা আছে জানিয়ে তিনি বলেন, "আগামী জুন মাসের ২৫ তারিখের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন করতে চাই। এটাকে আমরা তামাদি করতে চাই না।"
দীর্ঘ আড়াই বছর ধরে নির্বাচন না হওয়ায় ৩১ মে নির্বাচন করার বিষয়ে আইনি কোনো বাধ্যবাধকতা রয়েছে কিনা- জানতে চাওয়া হলে ইসির আইনজীবী শাহদীন মালিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে আমরা হলফ করে ২০০৮ এর ডিসেম্বরের নির্বাচন করার কথা আদালতে জানিয়েছি। ডিসিসি'র এ নির্বাচনের বিষয়ে আদালতের এমন কোনো নির্দেশনা ছিলো না।"
সাখাওয়াত হোসেন বলেন, মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে এ ধরনের তাগিদ অনুভব করেই ডিসিসি নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে ইসি।
"এখন তাদের (স্থানীয় সরকার বিভাগ) মতামত পেলে আমরা বিষয়টি ভেবে দেখব", বলেন তিনি। তবে তিনি একইসঙ্গে বলেন, "কোনো ধরনের অজুহাত নয়, বরং যৌক্তিক ও আইনি বিষয় থাকলে নির্বাচন কমিশন সময়সূচির বিষয়টি ভেবে দেখবে।"
এ নিয়ে সরকার ও ইসির মধ্যে কোনো ধরনের টানাপোড়েন চলছে কি না- প্রশ্ন করা হলে এ নির্বাচন কমিশনার বলেন, "তা হবে কেন? আমরা ইসির সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। সরকারও আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থানের কথা জানাতে পারে।"
ইসি চাইলেও ক্ষমতাসীন দলের অনেক নেতাই মে মাসে ডিসিসি নির্বাচনের পক্ষে নন। তবে এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলছে না বিরোধী দল বিএনপি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্বাচন করার বিষয়ে ইসি সিদ্ধান্ত নিলেই আমরা এ বিষয়ে বলবো। এর আগে কোনো বক্তব্য দিতে চাই না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/২২০৩ ঘ.
bdnews24