২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগ নেতা খুনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

পঞ্চগড়ে ছাত্রলীগ নেতা ফারুক হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2010, 03:51 PM

Updated : 24 Aug 2022, 08:18 PM

পঞ্চগড়, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পঞ্চগড়ে ছাত্রলীগ নেতা ফারুক হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ভোরাতে পুলিশ ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের বিভিন্ন স্থান থেকে এদের গ্রেপ্তার করে। বিকালে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর ১৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আরো ১৫/১৬ জনকে আসামি করা হয়েছে। পঞ্চগড় শহরের কয়েকটি পুকুর ইজারার দরপত্র নিয়ে বিরোধের জেরে বৃহস্পতিবার দুপুরে সরকার সমর্থক যুবলীগ ও ছাত্রলীগের দুটি গ্র"পের সংঘর্ষে খুন হন পঞ্চগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক। পঞ্চগড় সদর থানার ওসি মো. জমিরউদ্দিন সাংবাদিকদের জানান, শুক্রবার ভোর রাতে ঠাকুরগাঁও হাসপাতাল থেকে যুবলীগকর্মী লিটনকে (২৪) গ্রেপ্তার করা হয়। তাকে পুলিশ পাহারায় পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পঞ্চগড়ের বিভিন্ন এলাকা থেকে যুবলীগকর্মী মিজানুর রহমান মঞ্জু (২৮) ও মহসিন (৩২), শ্রমিকলীগ কর্মী আনিসুর রহমান (২০) ও মোস্তাফিজুর রহমান মেরুকে (২৪) পুলিশ আটক করে। ওসি জানান, পুলিশ সংঘর্ষের ঘটনাস্থল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এলাকা থেকে একটি রক্তমাখা চাপাতি উদ্ধার করেছে। তিনি জানান, শুক্রবার বিকালে ফারুকের ভাই ফজলুল হক থানায় একটি হত্যা মামলা করেছেন। এ মামলায় আটক পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে বাকি আসামিদের নাম জানাননি তিনি। ওসি বলেন, তারা ধারণা করছেন গ্রেফতারকৃত লিটনই ফারুককে হত্যা করেছে। শুক্রবার সারাদিনই ফারুকের বাড়িতে প্রতিবেশী ও আত্মীয়স্বজনদের দেখা গেছে। তারা শোকার্ত পরিবারটিকে সান্ত্বনা দেয়। ফারুকের বাবা আলী আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার ছেলে কোন অপরাধ করেনি। তবু তাকে নৃশংসভাবে হত্যা করা হলো। আমি হত্যাকারীদের ফাঁসি চাই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৯ ঘ.