ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানহানির তিনটি মামলায় জাতীয় প্রেসক্লাব সভাপতি শওকত মাহমুদকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি মো. ওয়াহহাব মিঞা ও বিচারপতি মো. আব্দুর রাজ্জাকের বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়।
শওকত এসব মামলায় আগাম জামিন চেয়ে হাজির হলেও তা প্রত্যাখ্যান করে হাইকোর্ট। তবে তার জামিনের আবেদন বিবেচনা করতে নিম্ন আদালতকে বলেছে উচ্চ আদালত।
কক্সবাজারে বিএনপির এক সভায় শওকতের বক্তব্যকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মামলাগুলো হয়েছে। শওকত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীরও সদস্য।
গত ২০ মার্চের ওই সভায় শওকত আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামকে 'বটতলার উকিল' বলে আখ্যায়িত করেন। একইসঙ্গে তিনি বলেন, জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক।
শওকতের বিরুদ্ধে মামলাগুলোর বাদিরা আওয়ামী লীগ সমর্থক। এর মধ্যে দুটি মামলা ঢাকার আদালতে হয়। অন্য মামলাটি হয় খুলনার আদালতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৪৫ ঘ.
bdnews24