মানিকগঞ্জ, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি ও জামায়াতকে গণতন্ত্রের আপদ বলে মনে করেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আবদুর রাজ্জাক।
তিনি বলেন, "বিএনপি-জামায়াত জোট স্বাধীনতায় বিশ্বাস করে না। যড়যন্ত্রের মাধ্যমেই বারবার ক্ষমতায় আসতে চায়।"
শনিবার দুপুরে মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ ও মানিকগঞ্জ ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
রাজ্জাক বলেন, "তারা (বিএনপি-জামায়াত) কোনোদিন চায় না বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হউক। তারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। বিদেশের কাছে হাত পাতার রাষ্ট্র বানাতে চায়।"
খাদ্যমন্ত্রী বলেন, "বিএনপি যখন ক্ষমতায় আসে দেশে তখন সার, তেল ও বিদ্যুৎ সঙ্কট দেখা দেয়। কৃষকদের নানান সমস্যা হয়। দেশে মঙ্গা-দুর্ভিক্ষ হয়।
"আমরা ক্ষমতায় আসার পর সারের দাম কমিয়ে তিন ভাগের এক ভাগে এনেছি। গত অক্টোবর-নভেম্বরে দেশে মঙ্গা-দুর্ভিক্ষ হয়নি। আমরা ক্ষমতায় এসে চালের দাম নিয়ন্ত্রণে এনেছি। দেশের কোথাও খাবারের জন্য হাহাকার নেই।"
তবে জীবনযাত্রার মানের তেমন উন্নতি হয়নি বলে মন্ত্রী স্বীকার করেন।
দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- স্থানীয় সংসদ সদস্য জাহিদ মালেক স্বপন, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম মহিউদ্দিন, জেলা প্রশাসক জিএম সালেহ উদ্দিন প্রমুখ।
এরপর মন্ত্রী ৯৯ জন ছাত্রছাত্রীর মাঝে বৃত্তির টাকা বিতরণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৫৭ ঘ.
bdnews24