২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাইমেন ৫ দিনের রিমান্ডে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র এএএম মহিউদ্দিন হত্যার ঘটনায় গ্রেপ্তার মোহাইমেনুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে নিয়েছে পুলিশ। এদিকে, মোহাইমেন কোনো ছাত্রসংগঠনের কর্মী নয় বলে দাবি করেছে তার পরিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2010, 01:57 PM

Updated : 24 Aug 2022, 06:49 PM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র এএএম মহিউদ্দিন হত্যার ঘটনায় গ্রেপ্তার মোহাইমেনুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে নিয়েছে পুলিশ। এদিকে, মোহাইমেন কোনো ছাত্রসংগঠনের কর্মী নয় বলে দাবি করেছে তার পরিবার। রোববার রাতে নগরীর ফিরিঙ্গীবাজার এলাকার একটি বাসা থেকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মহিউদ্দিন হত্যার ঘটনার প্রত্যক্ষদর্শী ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাইমেনকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার রাতে নগরীর ষোলশহর রেল স্টেশনে রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মহিউদ্দিনকে হত্যা করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) জিআরপি থানার ওসি মো. শহিদুল্লাহ সোমবার মোহাইমেনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের আবেদন জানালে চট্টগ্রাম জেলার বিচার বিভাগীয় মুখ্য হাকিম কেএম শহীদুল আলম পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। জিআরপি, চট্টগ্রামের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) সহিদুল্লাহ কাওসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ধারণা করছি, ষোলশহর রেলস্টেশনে ছাত্র হত্যার ঘটনার সময় মোহাইমেন একমাত্র প্রত্যক্ষদর্শী। ঘটনাস্থল থেকে তার ব্যাগ, পরিচয়পত্র ও খাতাপত্র এবং ব্যাগের ভেতর থেকে গুরুত্বপূর্ণ আলামত পাওয়া গেছে।" ওই হত্যার ঘটনায় দায়ের মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মোহাইমেনকে ১০ দিনে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয় জানিয়ে তিনি বলেন, "আদালত পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেছে।" রাষ্ট্রপক্ষের আইনজীবী জেলা পিপি আবুল হাশেম আদালতে সাংবাদিকদের বলেন, "গ্রেপ্তারকৃত আসামি ছাত্রশিবিরের একজন 'সাথী'। মহিউদ্দিনের হত্যাকাণ্ডের সঙ্গে সে যুক্ত থাকতে পারে। চাঞ্চল্যকর এ মামলার তদন্তের স্বার্থে আমরা তার রিমান্ড চেয়েছি।" মহিউদ্দিনের পিতা ফজলুল কাদের বাদি হয়ে জিআরপি থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মোহাইমেনের পরিবারের সংবাদ সম্মেলন মহিউদ্দিন হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী গ্রেপ্তার মোহাইমেন কোনো ছাত্রসংগঠনের কর্মী নয় বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা। সোমবার প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা জানান, মোহাইমেনকে শিবিরকর্মী দাবি করে জামায়াতে ইসলামীর দেওয়া বক্তব্যও সঠিক নয়। মহিউদ্দিন হত্যাকাণ্ডে মোহাইমেন কোনোভাবেই যুক্ত নয় দাবি করে তারা এর সুষ্ঠু তদন্ত এবং বিচারও দাবি করেন। সংবাদ সম্মেলনে মোহাইমেনের বড় ভাই মঈনুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় তার আরেক ভাই মোমিনুল ইসলাম, বোন নাসরিন সুলতানা, আফরিন সুলতানা ও তাসনুবা সুলতানা উপস্থিত ছিলেন। মহিউদ্দিন নিহত হওয়ার পর মোহাইমেনকে ছাত্র শিবিরেরর কর্মী দাবি করা প্রসঙ্গে মঈনুল সংবাদ সম্মেলনে বলেন, "আমাদের ভাই কোনোপ্রকার রাজনীতির সঙ্গে যুক্ত নয়। তার বাইপাস সার্জারি হয়েছে। এজন্য সে যাতায়াতের অসুবিধার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকে।" শুক্রবার বিকালে মহানগর জামায়াত কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শামসুল ইসলাম মোহাইমেনকে ছাত্র শিবিরের 'সাথী' বলে দাবি করেছিলেন। সংবাদ সম্মেলনে মোহাইমেনের পরিবারের লিখিত বক্তব্যে বলা হয়, ১১ ফেব্র"য়ারি ষোলশহর রেল স্টেশনে প্রথমে মোহাইমেনের ওপর হামলা হয়। পরে সে পালানোর চেষ্টা করলে পেছন থেকে হামলাকারীদের একজন বলতে থাকে 'ও না, ও না'। এরপর তারা জানতে পারেন মহিউদ্দিন নামে এক ছেলে সন্ত্রাসী হামলায় মারা গেছে। তারা জানান, আহত অবস্থায় মোহাইমেন প্রথমে নগরীর পাঁচলাইশে নিরাময় ক্লিনিকে চিকিৎসা নেন। পরে পরিবারের লোকজন গিয়ে তাকে বাকলিয়ায় তার মেজ বোন নাসরিনের বাসায় রাখে। মোহাইমেনের ওপর হয়রানি ও নির্যাতন হবে ভয়ে তারা এ বিষয়ে মুখ খোলেননি বলে সাংবাদিকদের জানান তার ভাই মঈনুল। একই কারণে মোহাইমেনকে বোন নাসরিনের বাসা থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল বলেও তিনি জানান। ১৯ শিবিরকর্মী রিমান্ডে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন মেস থেকে গ্রেপ্তার ২৩ শিবির নেতাকর্মীর ১৯ জনকে নগরীর জামালখানে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার বিকালে মহানগর হাকিম ওসমান গণি তাদের জিজ্ঞাসাবাদে পুলিশের আবেদন মঞ্জুর করেন। তবে গ্রেপ্তার অপর চারজনকে পরীক্ষার কারণে রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করা হয়নি। গত শুক্রবার জামালখানে ওই সংঘর্ষের পর শনিবার ভোররাতে তাদেরকে আটক করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার ওসি মহিউদ্দিন মাহমুদ রোববার মহানগর হাকিম আদালতে ২৩ জনকে জামালখানের ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে (শ্যোন এরেস্ট) সাত দিনের রিমান্ডের আবেদন জানান। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও অতিরিক্ত মহানগর পিপি অশোক কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশের আইও'র আবেদনের পরিপ্র্রেক্ষিতে আদালত ১৯ জনকে দুই দিন রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেন। তিনি আরো জানান, পরীক্ষার কারণে গ্রেপ্তারকৃত বেলাল, ইউসুফ, এমরান ও আবদুল্লাহ মন্টুর রিমান্ড আবেদন মঞ্জুর হয়নি। আদালত জেলকোড অনুযায়ী এ চারজনের জন্য ব্যবস্থা নিতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষকে আদেশ দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/এইচএ/১৯৪৬ ঘ.