ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চম সংশোধনীর আপিল করার আবেদন খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ।
বুধবার বিকালে রাজধানীতে এক সমাবেশে তিনি বলেন, ''পঞ্চম সংশোধনী বাতিলের রায়টির সঙ্গে রাজনৈতিক বিষয় জড়িত রয়েছে। আমরা সেই কারণে আপিল বিভাগের কাছে শুনানিকালে সর্বোচ্চ আদালতকে রাজনীতির উর্ধ্বে রাখার কথা বলেছিলাম। কিন্তু ওই সংক্রান্ত রায় ঘোষণা করার পর সুপ্রিম কোর্টের নিরপেক্ষতা ও স্বাধীনতা নিয়ে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে।''
সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে করা আবেদন মঙ্গলবার নাকচ করে দেয় আপিল বিভাগ। বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং জামায়াতে ইসলামী সমর্থক তিন আইনজীবী এ আবেদন করেছিলেন।
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিন্টুর পুলিশি হেফাজতের মৃত্যুর অভিযোগ এ প্রতিবাদ সমাবেশ ডাকা হয়। গত ২৮ জানুয়ারি 'পুলিশ হেফাজতে' তার মৃত্যু হয়।
নয়া পল্টনে জাতীয়তাবাদী যুব দলের উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে মওদুদ বলেন, ''ছিনতাই, সন্ত্রাসে দেশের মানুষ আজ অতিষ্ঠ হয়ে পড়েছে। ওসব কর্মকাণ্ডের সঙ্গে সরকারি দলের নেতাদের মদদ রয়েছে। আজ সরকারি দলের সন্ত্রাসে পুলিশ ও প্রশাসন অসহায় হয়ে পড়েছে।''
যুব দলের সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু এমপি'র সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুব দলের সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জম হোসেন আলাল, সহসভাপতি মুহিবুল আলম স্বপন, কাইয়ুম চৌধুরী প্রমূখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১৯১৯ ঘ.
bdnews24