কিশোরগঞ্জ, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিশোরগঞ্জের সাতটি পৌরসভার মধ্যে ছয়টিতে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর নাম ঘোষণা করছে দলটি।
রোববার সন্ধ্যায় কিশোরগঞ্জ প্রেসক্লাব মুক্তমঞ্চে সংবাদ সম্মেলন করে প্রার্থীদের নাম জানান জেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান।
এ সময় সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম ওসমান ফারুক উপস্থিত ছিলেন।
বাকি থাকা ভৈরব পৌরসভায় দল সমর্থিত প্রার্থীর নাম আগামীকাল সোমবার জানানো হবে বলে বিএনপি নেতারা জানান।
বিএনপি সমর্থিত ছয় মেয়র প্রার্থী হলেন- কিশোরগঞ্জ পৌরসভায় মাজহারুল ইসলাম, করিমগঞ্জে দুলাল শিকদার, কটিয়াদীতে তোফাজ্জল হোসেন খান দিলীপ, কলিয়ারচরে নূরুল মিল্লাত, বাজিতপুরে এহসান কুফিয়া ও হোসেনপুর পৌরসভায় সোহরাব ভেন্ডার।
সাংবাদিকদের সরবরাহ করা প্রার্থীর তালিকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ'র স্বাক্ষর ছিলো।
জেলা বিএনপির আহ্বায়ক আরো জানান, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্দেশে কেন্দ্রের দেওয়া তালিকা তিনি প্রকাশ করেছেন; স্থানীয়ভাবে প্রার্থীদের তালিকা করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩১০ ঘ.
bdnews24