২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধান পুনর্মুদ্রণ নিয়ে তোলা প্রশ্ন ভিত্তিহীন: আইন মন্ত্রী

সংবিধান পুনর্মুদ্রণ নিয়ে কয়েকজন আইনজীবী যে প্রশ্ন তুলেছেন তা ভিত্তিহীন দাবি করে আইন মন্ত্রী শফিক আহমেদ বলেছেন, পঞ্চম সংশোধনীর রায় দিয়ে আদালত শুধু তার সাংবিধানিক দায়িত্ব পালন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2010, 10:11 AM

Updated : 25 Aug 2022, 07:46 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান পুনর্মুদ্রণ নিয়ে কয়েকজন আইনজীবী যে প্রশ্ন তুলেছেন তা ভিত্তিহীন দাবি করে আইন মন্ত্রী শফিক আহমেদ বলেছেন, পঞ্চম সংশোধনীর রায় দিয়ে আদালত শুধু তার সাংবিধানিক দায়িত্ব পালন করেছে। এটি সংসদে পাস করানোর কোনো প্রয়োজন নেই। বুধবার জাতীয় জাদুঘরে বাংলাদেশ আর্কাইভস অ্যান্ড রেকর্ডস ম্যানেজমেন্ট সোসাইটি আয়োজিত 'বাংলাদেশে আর্কাইভস ও রেকর্ডস ব্যবস্থাপনা এবং ভবিষ্যত পরিকল্পনা' শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আইন মন্ত্রী এ কথা বলেন। তিনি এ বিষয়টি ব্যাখ্যা করে বলেন, "১৯৮৮ সালে অষ্টম সংশোধনী সংক্রান্ত আদালতের রায়ের আলোকেই সংবিধান পুনর্মুদ্রণ হয়েছিলো।" তিনি বলেন, "হাইকোর্টের বেঞ্চ জেলাগুলোতে প্রতিস্থাপনের বিষয় সংক্রান্ত সংশোধনী তখন করা হয় এবং হাইকোর্টের রায়ের মাধ্যমে এটি সংশোধন করে পুনর্মুদ্রণ করা হয়। এটি সংসদে পাস করানো হয়নি।" কয়েকদিন আগে বিএনপি নেতা মওদুদ আহমেদ সংবিধান পুনর্মুদ্রণ নিয়ে সমালোচনা করেছিলেন। আইনমন্ত্রী বলেন, 'ন্যাশনাল আর্কাইভস অর্ডিন্যান্স-১৯৮৩' ভেটিং এর জন্য মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। এতে যাতে তথ্য সংরক্ষণের মূল উদ্দেশ্য প্রতিফলিত হয় সে ব্যাপারে সরকার আন্তরিক। শফিক আহমেদ বলেন, "অগণতান্ত্রিক পদ্ধতিতে যেসব সরকার ক্ষমতায় এসেছিলো, তারা বিভিন্ন সময় নিজেদের স্বার্থে বিভিন্ন ধরণের গুরুত্বপূর্ণ তথ্যের আর্কাইভ নষ্ট করে ফেলেছে। তিনি এসব আর্কাইভের যেগুলো উদ্ধার করা সম্ভব সেগুলো উদ্ধার করে সংরক্ষণের আহ্বান জানান।" সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক শরিফ উদ্দিন। তিনি আর্কাইভস স্টাডিজ সম্পর্কিত একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠা, সরকারি পর্যায়ে রেকর্ড রুমের জন্য বাজেট বরাদ্দের আহ্বান জানান। সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ভার্চুয়াল আর্কাইভ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণের কথা উল্লেখ করে বলেন, ইলেক্ট্রনিক মাধ্যমে অল্প জায়গায় অধিক তথ্য সংরক্ষণ করা যায়। সেমিনারে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি অধ্যাপক শরীফ উদ্দিন আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংস্কৃতি সচিব সুরাইয়া বেগম, সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/কেএমএস/১৬০৩ ঘ.