ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঠাকুরগাঁওয়ে শুক্রবার মিনিবাসের ধাক্কায় মটরসাইকেল আরোহী এক কলেজছাত্র মারা গেছেন।
বৃহস্পতিবার রাতে নাটোরে আখ বোঝাই ট্রলি চাপায় মারা গেছে একজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, শুক্রবার সকাল ১০টার দিকে সদর উপজেলার ভুল্লি এলাকায় একটি মিনিবাসের ধাক্কায় মারা যান মটরসাইকেল আরোহী সোহেল রানা (২২)। আহত হন মহেষ বর্মণ (২৪) নামের আরেকজন।
সোহেল দিনাজপুর সরকারি কলেজের ছাত্র ছিলেন। তার বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরালীপুর গ্রামে।
মহেষ একই উপজেলার পলাশবাড়ি অফিসপাড়ার সন্তোষ বর্মণের ছেলে। তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা মটরসাইকেলে করে পঞ্চগড় থেকে ঠাকুরগাঁও আসছিলেন বলে পুলিশ জানিয়েছে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে রাখে। দুপুর ২টার দিকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি গোপাল চন্দ্র জানান, পুলিশ মিনিবাসটি আটক করেছে। তবে এর চালক পালিয়ে গেছে। মামলা হয়েছে।
নাটোর প্রতিনিধি জানান, লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামে বৃহস্পতিবার রাতে আখ বোঝাই একটি ট্রলি চাপায় মারা গেছেন শহিদুল ইসলাম (৩২)।
শহিদুল লালপুরের ওয়ালিয়া মধ্যপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে।
লালপুর থানা জানায়, উপজেলার ওয়ালিয়া থেকে ট্রলিতে করে বনপাড়া ইক্ষু ক্রয় কেন্দ্রে আখ নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
ওসি তোরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৪ ঘ.
bdnews24