২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই কারখানায় আগুন

ঢাকার খিলগাঁওয়ে একটি রবার এবং গাজীপুরের কাশিমপুরে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। এতে ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2010, 10:58 AM

Updated : 25 Aug 2022, 07:44 PM

ঢাকা/গাজীপুর, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার খিলগাঁওয়ে একটি রবার এবং গাজীপুরের কাশিমপুরে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। এতে ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মাদারটেক পূর্ব নন্দী পাড়ায় রবার কারখানাটিতে শুক্রবার বিকাল পৌনে ৪টার দিকে আগুন লাগে বলে খিলগাঁও থানার উপ-পরিদর্শক আসলাম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। দমকল বাহিনী আগুন নেভাতে কাজ করছে। দমকল বাহিনী কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা শাহজাদী সুলতানা সাড়ে ৪টার সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে পুরোপুরি নেভাতে কিছুটা সময় লাগবে।" শুরুতে চারটি হলেও এখন সেখানে দমকল বাহিনীর দুটি ইউনিট কাজ করছে বলে জানান তিনি। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর গাজীপুর প্রতিনিধি জানান, শুক্রবার দুপুরে কাশিমপুর এলাকায় আশরাফুল নীটওয়্যার নামে একটি কারখানায় আগুনে রঙ, সুতা ও কয়েকটি মেশিন পুড়ে গেছে। গাজীপুর ও সাভার ইপিজেডের দমকলকর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দুপুর ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুরের দমকল কর্মকর্তা আবু জাফর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর দেড়টার দিকে কারখানার সুইং সেকশন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে কারখানার ছয়টি যন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা যায়নি বলে দমকল বাহিনী জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেটি/এসআইএম/এমইউএস/এমআই/১৬৫৫ ঘ.