২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মারা গেল 'ফকিরের' আগুনে দগ্ধ শিশু রাব্বি

রাজশাহীর বাগমারা এলাকায় 'ফকিরের' দেওয়া আগুনে দগ্ধ শিশু ফজলে রাব্বি (৮) এক মাস ছয়দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2010, 04:06 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর বাগমারা এলাকায় 'ফকিরের' দেওয়া আগুনে দগ্ধ শিশু ফজলে রাব্বি (৮) এক মাস ছয়দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা গেছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটি মারা যায়। রাব্বির বাবা একজন ভ্যানচালক। সে বাবা-মায়ের একমাত্র সন্তান। বাড়ি বাগমারার সাধুপাড়া গ্রামে। তার চাচা আনসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাব্বি সাধু পাড়া প্রাইমারী স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র ছিল। রাব্বির নানী আমেনা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাব্বি বেশ কিছুদিন ধরে আবোল তাবোল বকছিল। তাই তাকে পাশের গ্রামে শ্রীপুরের ফকির ওহেদের (৪০) কাছে নেওয়া হয়। আমেনা বলেন, "ওহেদ রাব্বিকে এক জায়গার রেখে চারপাশে গর্ত করে তার সহযোগীকে বলে, 'আমি সেজদায় গেলে চারপাশের গর্তের পানিতে আগুন ধরিয়ে দিবি।'" পানিতে আগুন দেওয়ার পর ধরিয়ে দিলে রাব্বির কোমর থেকে নিচের অংশ ঝলসে যায়। এরপর আহত রাব্বিকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৪ অক্টোবর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউর ৪ নম্বর বেডে তাকে ভর্তি করা হয়। রাজশাহী বাগমারা থানার ওসি হারুন-উর-রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার দুই দিন পর রাব্বির বাবা কাউসার থানায় নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করেন। তিনি জানান, ওহেদ ও তার সহযোগী সাইফুল ইসলাম বাবু বর্তমানে জেলহাজতে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/পিডি/২১৫৯ ঘ.