২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে জেএমবি সদস্য গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর এক সদস্যকে কুড়িগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2010, 02:45 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

রাজশাহী, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর এক সদস্যকে কুড়িগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার রাতে রাজশাহী র‌্যাব-৫ এর জঙ্গি দমন সেলের সদস্যরা কুড়িগ্রাম সদর উপজেলার চরকুড়ি গ্রাম থেকে তাকে আটক করে। র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত মো. আবুল কাশেম ওরফে কাশেম আলী (২৫) জেএমবি'র গায়েরে এহসার সদস্য। তার বাড়ি চরকুড়ি গ্রামের সিএণ্ডবি ঘাট এলাকায়। তার বাবার নাম মহির উদ্দিন ওরফে মহিউদ্দিন। মঙ্গলবার কাশেমকে রাজশাহী র‌্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এরপর সন্ধ্যায় তাকে কুড়িগ্রাম সদর থানায় সোপর্দ করা হয় বলে র‌্যাব কর্মকর্তা সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মির্জা গোলাম সারোয়ার জানান। র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কাশেম জেএমবি'র সাবেক প্রধান মতিন মেহেদীর ঘনিষ্ঠ সহযোগী। ২০০৭ সালের ১৯ এপ্রিল রাতে কুড়িগ্রাম শহরের হাতিরপাড় এলাকার বেলায়েত হোসেনের বাড়ি থেকে মতিন মেহেদীসহ চার জেএমবি সদস্যকে জিহাদি বই ও বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার করে পুলিশ। ওই সময় কাশেমসহ আরো কয়েকজন পালিয়ে যান। এই ঘটনায় কুড়িগ্রাম সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন। কাশেম এই মামলার এজাহারভুক্ত আসামি। র‌্যাব আরো জানায়, কাশেম দীর্ঘদিন পলাতক থেকে জেএমবিকে সংঘটিত করার কাজ করছিলেন। সোমবার রাতে জেএমবি'র বেশ কয়েকজন সক্রিয় সদস্য সিএন্ডবি ঘাট এলাকার একটি চায়ের দোকানে জড়ো হয়েছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৪ ঘ.