২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে টমটম খালে, নিহত ৪

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় টমটম নামে পরিচিত স্থানীয়ভাবে তৈরি যান্ত্রিক যান খালে পড়ে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2010, 03:36 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

বরিশাল, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় টমটম নামে পরিচিত স্থানীয়ভাবে তৈরি যান্ত্রিক যান খালে পড়ে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে। সোমাবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পাদ্রিশিবপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের একজন সদস্য জানিয়েছেন। দুর্ঘটনার পর চারজনের লাশ উদ্ধার করা হলেও চালকসহ আরো তিনজন নিখোঁজ রয়েছে। নিহতরা হলেন- উপজেলার নিয়ামতি ইউনিয়নের কোষ্টনগর গ্রামের নুপুর বেগম (৩৫), তার ছেলে শিমুল (৯) ও মেয়ে রিতা (৮) এবং ভবানীপুর গ্রামের মোতালেব (৩০) হোসেন। নুপুর কোষ্টনগর গ্রামের নাসির উদ্দিন মৃধার স্ত্রী। নিখোঁজদের মধ্যে নুপুরের আরেক সন্তান সাগরও (১১) রয়েছে। পাদ্রিশিবপুর ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রাশিদা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আড়াই বেকি থেকে ১০ জন যাত্রী নিয়ে টমটমটি মহেষপুর যাচ্ছিলো। রাস্তায় গর্তে পড়ে অগভীর নলকূপের ইঞ্জিন দিয়ে তৈরি এই যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খালের পড়ে যায়। তিনি আরো জানান, ভবানীপুর গ্রামের নাসিরসহ তিনজন আহত হলেও তারা সাঁতরে পাড়ে আসতে সক্ষম হয়। বাকেরগঞ্জ থানার পরিদর্শক শওকত আনোয়ার বলেন, এখন পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৭ ঘ.