চট্টগ্রাম, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুহাজার ছয়শ মেট্রিক টন মটর ডালবাহী একটি লাইটারেজ জাহাজ চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ডুবে গেছে।
বুধবার রাত সাড়ে আটটার দিকে কর্ণফুলী নদীর বাংলাবাজার জুট র্যালী ঘাট সংলগ্ন অংশে হ্যাং গ্যাং টু নামের ডালবাহী লাইটারেজ কোস্টাল জাহাজটি ডুবে যায়।
জাহাজের ১৭ ক্রুর সবাই নিরাপদে আছেন বলে জানান চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন। তিনি জানান, একটি বার্জের ধাক্কায় কোস্টাল জাহাজটি ডুবে যায়।
ইতিমধ্যে একটি টাগবোট নিয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গেছে জানিয়ে সচিব বলেন, "জাহাজের অবস্থান সনাক্ত করার পর বৃহস্পতিবার সকাল থেকে উদ্ধার কাজ শুরু হবে।"
ডুবে যাওয়া লাইটারেজ জাহাজটি বুধবার সকালে চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গরে থাকা একটি মাদার ভেসেল থেকে ডাল খালাস করে। এরপর জ্বালানি নিতে বাংলাবাজারের জুট র্যালী ঘাটে আসে।
এই ঘাট থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যে নদীতে থাকা একটি বার্জের সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়।
জাহাজটি চট্টগ্রাম বন্দরের চ্যানেলে বা কোনো জেটি সংলগ্ন এলাকায় না ডোবায় বন্দরে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে না।
চট্টগ্রাম বন্দরের কন্ট্রোল রুম সূত্র জানা যায়, লাইটারেজ জাহাজটির মালিক এন জেড কর্পোরেশন। ডুবে যাওয়ার সময় জাহাজটিতে মেঘনা গ্র"পের জন্য আনা দুই হাজার ছয়শ মেট্রিক টন মটর ডাল ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/২৩১৯ ঘ.
bdnews24