বাগেরহাট, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্বৃত্তের ছোড়া এসিডে ঝলসে গেছেন বাগেরহাটের এক গৃহবধূ।
মঙ্গলবার রাতে ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া গ্রামে এ ঘটনায় আহত রওশন আরা সুমীকে (২৪) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুমীর পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে আব্দুল হালিম (২৮) নামে একজনকে ধরে পুলিশে দিয়েছে। হালিম ওই গ্রামের গাউস উদ্দিন শেখের ছেলে।
এ সময় হালিমের সঙ্গে থাকা পাঁচ-ছয়জন তরুণ পালিয়ে গেছে বলে পুলিশ জানায়।
তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সুমীর মা হামিদা বেগম এই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টার দিকে সুমী রান্নাঘর থেকে মূল ঘরে যাচ্ছিলেন। এ সময় হালিমসহ পাঁচ-ছয় জন তরুণ উঠানে এসে সুমীকে তুলে নেওয়ার জন্য টানাটানি শুরু করে।
সুমী চিৎকার করলে লোকজন আসার আগে তারা সুমীর শরীরে এসিড ঢেলে পালাতে থাকে।
কিন্তু সুমী হালিমকে জাপটে ধরে রাখেন। হালিমকে পুলিশে দেয়।
সুমীর মা আরো বলেন, প্রায় চার বছর ধরে সুমীকে উত্ত্যক্ত করছে হালিম। এ কারণে সুমী দুই বছর আগে হালিমের বিরুদ্ধে ফকিরহাট থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।
এরপর কিছুদিন বন্ধ থাকার পর গত রোজার মাস থেকে আবারো উত্ত্যক্ত করা শুরু করে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সুমী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাকে ধরে টানাটানির এক পর্যায়ে অপর একজনের হাত থেকে এসিডের বোতল নিয়ে হালিম আমার মুখে ছুড়ে মারে। আমি মুখ ঘুরিয়ে নিলে ঘাড় ও পিঠে এসে পড়ে।
"হালিমসহ চারজনকে আমি চিনতে পেরেছি।"
ফকিরহাট থানার ওসি মো. লিয়াকত হোসেন বলেন, পুলিশ সুমীর জবানবন্দি নিয়েছে। এ ঘটনায় মামলা হয়নি।
সুমী টাইন নওয়াপাড়া গ্রামের আনছার শেখের মেয়ে। প্রায় দশ বছর আগে একই গ্রামের জাকির হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। তাদের দুই ছেলে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৭ ঘ.
bdnews24