২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওসমানী মেডিকেলে ছাত্রলীগ-শিবির সংঘর্ষে আহত ২৫

সিলেট ওসমানী মেডিকেল কলেজে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2010, 07:08 AM

Updated : 25 Aug 2022, 07:34 PM

সিলেট, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট ওসমানী মেডিকেল কলেজে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের দলে ভেড়ানো নিয়ে সোমবার সকাল ১০টায় ক্যাম্পাসে এ সংঘাত বাঁধে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। আহতদের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ কলেজ ছাত্রশিবিরের সভাপতিসহ ছয় জনকে আটক করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এমবিবিএসে ভর্তি কার্যক্রম চলার সময় নবাগত ছাত্রদের নিজ দলে ভেড়াতে সকাল থেকে জড়ো হতে থাকে ছাত্রলীগ ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। এরই এক পর্যায়ে দুই পক্ষের সংঘাত বেঁধে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন- আরেফিন (২১), রেজা (২১), রাখাল হওলাদার (২৫), সাইফ (২১), আলিফ ঘোষ (২১), নিলান্দীপ (২৫), হামিদ পাঠান (২৫), সাফিন ইসলাম (২১), আইনুল (২৩), প্রশান্ত (২১), গৌরব (২৪), শাহাব (২০), ইফতেখার (২০), রিপন নাথ (২০), সোহরাব হোসেন (২৫), মোশাররফ হোসেন (২৪), শফিকুল ইসলাম (২৫), রাফাত (২০), সাজ্জাদ (২০), মাসুদ জাহান (১৯), ইমন (২৫)। কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ছাত্রশিবিরের ৬ জনকে আটক করা হয়েছে।" আটক ছয় জন হলেন- কলেজ ছাত্রশিবিরের সভাপতি নাফিস রিয়াজউজ্জামান বাঁধন, জালাল হোসেন, মুরাদ আহমদ, নাজমুল সানি, নাজমুল হোসেন ও আব্দুল্লাহ ইউসুফ। মেডিকেল কলেজ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে জানিয়ে ওসি বলেন, পরিস্থিতি এখন শান্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩০০ ঘ.