২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাদশাগঞ্জ-ডিঙাপোতায় হাওর উৎসবের আয়োজন

জাতীয় অর্থনীতিতে হাওরের গুরুত্বকে তুলে ধরতে ১১ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী হাওর উৎসব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2010, 09:05 AM

Updated : 25 Aug 2022, 07:33 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় অর্থনীতিতে হাওরের গুরুত্বকে তুলে ধরতে ১১ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী হাওর উৎসব। সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ এবং নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের পাড়ে এই উৎসব ১৩ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরিবেশবাদী সংগঠন পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এই 'দ্বিতীয় জাতীয় হাওর উৎসব ২০১০' এর আয়োজন করেছে। এ উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পবার চেয়ারম্যান আবু নাসের খান বলেন, "হাওরের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও পরিবেশগত গুরুত্ব অপরিসীম। জাতীয় অর্থনীতির এক অবিচ্ছেদ্য অংশ হাওর।" জাতীয় অর্থনীতিতে হাওরের গুরুত্বকে তুলে ধরতে এ উৎসবের আয়োজন করা হচ্ছে বলে জানান নাসের খান। তিনি বলেন, "প্রতি বছর হাওর এলাকায় বিপুল পরিমাণ মাছ, বোরো ধান ও রবিশস্য উৎপাদন হয়।" "এছাড়া জারি, সারি, ভাটিয়ালি, বাউল, গীত, পালা ও কীর্তনসহ লোক শিল্পের এক জীবন্ত জাদুঘর হাওর জনপদ", বলেন তিনি। এ উৎসবে সবাইকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়ে তিনি জানান, এতে থাকবে হাওরের প্রচলিত বা অধুনালুপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানাদি যেমন জারি, পালা, ডকযাত্রা, বাউল গান, গীত, কিস্সা ইত্যাদি। এছাড়া থাকবে নৌকাবাইচ, হাডুডু, লাঠিখেলা, মাছ ধরা, গোল্লাছুট, বৌ-ছি, পিঠা তৈরি, চালঝাড়া। থাকবে কুটির শিল্প, মৎস্য ও কৃষি সরঞ্জামসহ নানা ধরণের ব্যবহারিক তৈজসপত্রের প্রদর্শনী। পাশাপাশি কৃষি, মৎস্য, নদী, জলাশয়, জীববৈচিত্র্যসহ অর্থনৈতিক বিষয়ে অনুষ্ঠিত হবে একাধিক বৈঠক। সেখানে অংশ নেবেন উল্লিখিত বিষয়সমূহের বিশেষজ্ঞগণ এবং কৃষক, জেলে, মাঝিসহ তৃণমূল পর্যায়ের পেশাজীবীগণ। বৈঠকে হাওর অঞ্চলের জীবন ও প্রকৃতির সমস্যাসমূহ চিহ্নিত করে একটি দাবিনামা হিসেবে সরকারের কাছে পেশ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেএমএস/১৪৫১ ঘ.