ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যানজট নিরসন এবং যাত্রী হয়রানি কমাতে রাজধানীতে আরো ১৫ হাজার নতুন ট্যাক্সিক্যাব নামানোর পরিকল্পনা নিয়েছে সরকার।
তবে প্রথম দফায় কিছুদিনের মধ্যেই নামানো হবে এক হাজার ট্যাক্সিক্যাব।
এছাড়া ঢাকায় চলাচলকারী চার স্ট্রোকবিশিষ্ট সিএনজি অটোরিক্সার মেয়াদ আরো দু'বছর বাড়ানো হতে পারে। মেয়াদ বাড়ানোর পক্ষে মত দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞরা ।
যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মোজাম্মেল হক খান বৃহস্পতিবার সচিবালয়ে তার কার্যালয়ে একথা জানান।
২০০২ সালের জানুয়ারিতে প্রায় ১৩ হাজার চার স্ট্রোক সিএনজি অটোরিক্সাকে ঢাকার রাস্তায় চলাচলের অনুমতি দেওয়া হয়। বুয়েটের বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী ওই সময় এসব অটোরিক্সাকে প্রাথমিকভাবে ১০ বছরের জন্য চলাচলের অনুমোদন দেওয়া হয়। আগামী বছর এগুলোর মেয়াদ শেষ হচ্ছে।
বর্তমানে দেশে নতুন সিএনজি অটোরিক্সা আমদানি ও চলাচলের অনুমোদন বন্ধ রয়েছে।
সচিব জানান, বিশেষজ্ঞরা এই ১৩ হাজার সিএনজি অটোরিক্সাকে আরো দুই বছর রাস্তায় চলাচলের অনুমতি দেওয়ার সুপারিশ করেছেন। এই সুপারিশ অনুযায়ী সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যাচ্ছে বলেও জানান তিনি।
ঢাকার যানজট নিরসনে সরকারি পদক্ষেপ সম্পর্কে মোজাম্মেল হক খান বলেন, সরকার যানজটের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। তাই সিএনজি অটোরিক্সার বিকল্প হিসেবে নতুন ট্যাক্সিক্যাব আমদানির সিদ্ধান্ত নিয়েছে।
প্রাথমিক পর্যায়ে এক হাজার ট্যাক্সিক্যাব আমদানি করা হবে। এগুলো পরীক্ষামূলকভাবে ঢাকার রাস্তায় নামানো হবে। এ সংখ্যা ভবিষ্যতে ১৫ হাজার পর্যন্ত বাড়ানো হতে পারে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৮০০ ঘ.
bdnews24