২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু

সারাদেশে প্রথমবারের মতো বৃহস্পতিবার সকালে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা; চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2010, 06:33 AM

Updated : 25 Aug 2022, 07:33 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশে প্রথমবারের মতো বৃহস্পতিবার সকালে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা; চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। প্রথম দিন সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত বাংলা প্রথমপত্র এবং দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা হচ্ছে। এতে অংশ নিচ্ছে ১৫ লাখ ৫ হাজার ৩৯১ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৭ লাখ ৫ হাজার ২৭২ জন এবং ৮ লাখ ১১৯ জন ছাত্রী। শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ মঙ্গলবার সকাল সোয়া ১০ টার দিকে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, "পরীক্ষার মাঝে বিরতির সময় কমাতে না পারলে বাৎসরিক ক্লাসের সময় কমে যাবে। এদিকে লক্ষ্যে রেখে সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের কোন ক্ষতি হবে না বলে আশা করি।" বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী বলেন, "এ ধরনের জাতীয় পরীক্ষায় ছাত্রী সংখ্যা বৃদ্ধি একটি বড় অ্যাচিভমেন্ট (অর্জন)।" তিনি জানান, অষ্টম শ্রেণীর সবাই এ পরীক্ষায় অংশ নিচ্ছে। তাদের আলাদা করে বার্ষিক পরীক্ষা দিতে হচ্ছে না। আটটি সাধারণ শিক্ষাবোর্ডের জন্য অভিন্ন প্রশ্নপত্র তৈরি করা হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের তত্ত্বাবধানে। মাদ্রাসা বোর্ড তাদের প্রশ্নপত্র তৈরি করেছে। প্রেস ব্রিফিংয়ে ঢাকা শিক্ষা বোর্ড ও আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন জানান, এসএসসি ও এইচএসসিতে যে নীতিমালায় বৃত্তি দেওয়া হয় তার ওপর ভিত্তি করে জেএসসি ও জেডিসির জন্য নতুন নীতিমালা তৈরি করা হবে। অষ্টম শ্রেণীতে আগে যতজনকে বৃত্তি দেওয়া হতো এ পরীক্ষায় তার চেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে বলেও তিনি জানান। এ পরীক্ষার ফলফল ৩১ ডিসেম্বরের মধ্যেই দেওয়া হবে বলে শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন। এসএসসি পরীক্ষার মতোই গ্রেডিং পদ্ধতিতে এ পরীক্ষার ফলাফল হবে। দেশে এবং বিদেশে মোট ১৮০৪টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। এর মধ্যে দেশের বাইরে ৭টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এজে/কেএমএস/১১০৬ ঘ.