নরসিংদী, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নরসিংদীতে নয় লাখ টাকার বেশি মূল্যমানের বিদেশি মুদ্রাসহ এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে তাকে নরসিংদীর জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করে পুলিশ সাতদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানায়।
শুনানি শেষে হাকিম রেবতী বিশ্বাস দুদিন সময় দিয়েছেন।
গ্রেপ্তারকৃত কর্মকর্তা হলেন- মোবারক হোসেন (৪৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল শাখা সোনালী ব্যাংকের সহকারী ব্যবস্থাপক।
পুলিশ বলেছে, তার কাছ থেকে উদ্ধার করা মুদ্রার মধ্যে রয়েছে মার্কিন ডলার, সৌদি রিয়াল ও কয়েতি দিনার।
মঙ্গলবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরা উপজেলার মাহমুদাবাদ সেতুর কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এসব মুদ্রাসহ মোবারককে আটক করা হয়।
মোবারক পুলিশের কাছে দাবি করেছেন- এসব মুদ্রা তার এক আত্মীয়র। তিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে এগুলো ঢাকা নিয়ে যাচ্ছিলেন।
রায়পুরা থানার ওসি আব্দুল বাতেন সাংবাদিকদের জানান, রাত ১২টার দিকে একটি যাত্রীবাহী বাসের যাত্রী মোবারক হোসেনের ব্যাগ তল্লাশি করে মুদ্রাগুলো উদ্ধার করা হয়।
ওসি জানান, তার বিরুদ্ধে রায়পুরা থানায় মুদ্রা পাচার আইনে মামলা করা হয়েছে।
আদালতের আদেশের পর মোবারককে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে আরো তথ্য পাওয়া যাবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৫ ঘ.
bdnews24