ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত মঙ্গলবার ঢাকা মহানগরীতে মাত্রাতিরিক্ত শব্দদূষণ ও কালো ধোঁয়া নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে ২৩টি গাড়ির বিরুদ্ধে মামলা করেছে।
আদালত এসময় ২০ হাজার ৯শ' টাকা জরিমানা ও ১৫টি হাইড্রলিক হর্ন জব্দ করে।
মঙ্গলবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল বাসার মো. ফখরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
রাজধানীর বারিধারার প্রগতি সরণিতে বেলা ১১ টা থেকে আড়াইটা পর্যন্ত এ অভিযান চলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল বাসার জানান, বিধিমালা অনুযায়ী শব্দ দূষণের জন্য প্রাথমিকভাবে দায়ীদের সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়ার বিধান রয়েছে। আবার এ নিয়মভঙ্গের জন্য সর্বোচ্চ ১০ হাজার টাকা অথবা ছয় মাসের কারাদণ্ড অথবা উভয় শাস্তির বিধান রয়েছে।
অভিযানে অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বিআরটিএ ও বাংলাদেশ স্কাউটস অংশ নেয়।
পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, লোকবলের অভাবে মহানগরে একযোগে কয়েকটি ভ্রাম্যমান আদালত চালানো সম্ভব হচ্ছে না। বর্তমানে প্রতিমাসে অন্তত দুইটি করে অভিযান চলছে।
অভিযানকালে চালক ও যাত্রীদের সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ ও গাড়িতে সচেতনতামূলক স্টিকার সাঁটা হয়।
বিআরটিএ'র নীতিমালা অনুযায়ী কালো ধোঁয়ায় পরিবেশ দূষণের জন্য মাত্র দুইশ' টাকা জরিমানার বিধান রয়েছে যা যথেষ্ট নয় বলে মত দেন অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এসকে/২১০৯ঘ.
bdnews24