রংপুর, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুরকে বিভাগ করার খবর টেলিভিশনসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হওয়ার পর ওই অঞ্চলের মানুষ আনন্দ-উল্লাস করেছেন। তারা এর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ন্যাশনাল ইমপ্লিমেনটেশন কমিটি অন অ্যাডমিন্সট্রেটিভ রিফর্মস (নিকার)-এর এক বৈঠকে রংপুরকে বিভাগ হিসেবে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়।
বিভাগ করার ঘোষণা শোনার পর রংপুর শহরে বিভিন্ন সংগঠন আনন্দ মিছিল বের করে। অনেকেই মিষ্টি বিতরণ করে উল্লাস করেন।
রাজনৈতিক দলগুলোর স্থানীয় নেতারা বলেছেন, বিভাগ ঘোষণা করে প্রধানমন্ত্রী বৃহত্তর রংপুরের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছেন।
রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোছাদ্দেক হোসেন বাবলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রংপুরের উন্নয়নের জন্য এতদিন কোনো সরকারই কোনো পদক্ষেপ নেয়নি। বিভাগ ঘোষণার মাধ্যমে রংপুর-দিনাজপুর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হলো।"
গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আফজাল বলেন, "রংপুরের মানুষ অনেক লড়াই সংগ্রাম করেছে বিভাগের জন্য।"
রংপুর বিভাগ বাস্তবায়ন পরিষদের অন্যতম নেতা কথা সাহিত্যিক এম এ বাশার বলেন, "প্রধানমন্ত্রী রংপুরের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করে রংপুরবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবেন।"
রংপুর চেম্বার অব কর্মাসের সাবেক সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, "আশা করি পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করে এ অঞ্চলের শিল্প বিকাশে সহায়ক ভূমিকা রাখবে বর্তমান সরকার।"
এছাড়া রংপুর জেলা শাখা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি শাহাদত হোসেন, জাতীয় পার্টির রংপুর জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা জাসদের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রাঙ্গা বিভাগ ঘোষণায় ইতিবাচক প্রতিক্রিয়া জানান।
পঞ্চগড়: রংপুর বিভাগ ঘোষণায় পঞ্চগড়ের চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বলেছেন, এখন আর চারশ' মাইল দূরে রাজশাহী যেতে হবে না।
পঞ্চগড় থেকে রংপুর হয়ে রাজশাহীর দূরত্ব প্রায় ৪শ' ৫ কিলোমিটার। আর পঞ্চগড় থেকে রংপুরের দূরত্ব প্রায় ১৫১ কিলোমিটার।
ব্যবসায়ী মেহেদি হাসান বাবলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অনেক কাজে প্রায়ই তাকে রাজশাহী যেতে হয়। রংপুর বিভাগ হওয়ায় তার যাতায়াতের দুর্ভোগ কমবে।"
প্রবীণ সংগঠক মকবুল হোসেন বলেন, "শ্রমিক ও কর্মচারী সংগঠনের অধিকাংশ কাজ রাজশাহীতে গিয়ে করে আনতে হয়। শ্রম আদালতের কাজও হয় সেখানে। দূরে হওয়ায় পঞ্চগড় থেকে গিয়ে নানা দুর্ভোগে পড়তে হয়।"
জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবু তোয়াবুর রহমান বলেন, "যাতায়াত ও আর্থিক দিকসহ নানাভাবে মানুষ উপকৃত হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২২ ঘ.
bdnews24