২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'চট্টগ্রাম ও বগুড়ায় ধরা পড়া অস্ত্র রাষ্ট্রীয় মদদে আনা হয়েছিল'

চট্টগ্রাম ও বগুড়ায় ধরা পড়া অস্ত্র চারদলীয় জোট সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে আনা হয়েছিল বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2009, 02:43 PM

Updated : 26 Aug 2022, 12:05 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম ও বগুড়ায় ধরা পড়া অস্ত্র চারদলীয় জোট সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে আনা হয়েছিল বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। তিনি বলেন, জোট সরকারের আমলে চট্রগ্রামে ১০ ট্রাক অস্ত্র, বগুড়ায় এক ট্রাক অস্ত্রের মত রাষ্ট্রীয় মদদে অস্ত্র আনা হয়েছে। আমরা এই অবস্থার উত্তরণ ঘটানোর জন্য কাজ করছি।" বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশনে দুর্গা পূজার মণ্ডপ পরিদর্শকালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, "উত্তরাধিকার সূত্রে আমরা এ রকম অবস্থা পেয়েছি। অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের নির্মূলের লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তবে সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।" প্রতিমন্ত্রী বলেন, "ঈদুল ফিতরের মতো অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশেই শারদীয় দুর্গা পূজা উদযাপিত হবে। আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে।" দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে শামসুল হক বলেন, "কোন অপশক্তি আমাদের বাধাগ্রস্ত করতে পারবে না। এমনিতেই আমাদের দেশের মানুষ অসামপ্রদায়িক চেতনায় বিশ্বাস করে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান মহান মুক্তিযুদ্ধে একই বাংকারে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে।" পূজামণ্ডপ পরিদর্শনের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ, র‌্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার, পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোখলেছুর রহমান, জেলা প্রশাসক সামছুর রহমান, পুলিশ সুপারিনটেনডেন্ট বিশ্বাস আফজাল হোসেন, নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ডা. সেলিনা হায়াত আইভি প্রমুখ। এছাড়া তিনি নারায়ণগঞ্জ পৌরসভার কার্যালয় পরিদর্শন করেন। এ সময় প্রতিমন্ত্রী পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় করেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শহরের আমলাপাড়া, টানবাজার, নিতাইগঞ্জ, উকিলপাড়ায়ও পূজামণ্ডপ পরিদর্শন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৭ ঘ.