নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম) - নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলার ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক মামলায় হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নানকে তৃতীয় দফায় সিআইডি হেফাজতে সাতদিন জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে।
জিজ্ঞাসাবাদ শেষে মুফতি হান্নানকে বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আরিফুর রহমানের আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
এ সময় আদালতপাড়ায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।
এর আগে সিআইডির আবেদনে আদালত প্রথম দফায় মুফতি হান্নানকে সাতদিন ও দ্বিতীয় দফায় পাঁচদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিল।
২০০১ সালের ১৬ জুন চাষাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলায় ২০ জন নিহত হয়। আহত হয় শতাধিক লোক। এদের অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী।
ঘটনার পরপরই শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বাদী হয়ে জেলা বিএনপির আহবায়ক তৈমুর আলম খন্দকারসহ বিএনপির ২৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট আমিনুল ইসলাম ২০০২ সালের জুনে আদালতে চুড়ান্ত প্রতিবেদন দেন।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তদন্ত কর্মকর্তা সিআইডি নারায়ণগঞ্জ ক্যাম্প অফিসের ইনর্চাজ সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট ইউসুফ আলী মোল্লার আবেদেনের পরিপ্রেক্ষিতে আদালত মামলাটি পুনর্তদন্তের নির্দেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৬ ঘ.
bdnews24