ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার আগামী মৌসুমে দেশে সারের চাহিদা মেটাতে আরো দুই লাখ মেট্রিক টন সার আমদানি করবে। এছাড়া খাদ্য চাহিদা মেটাতে আমদানি করা হবে এক লাখ মেট্রিক টন গম।
বৃহস্পতিবার এসব প্রস্তাবসহ চটের বস্তা ক্রয় ও সেতু-সড়ক নির্মাণ সংক্রান্ত আরো দুটি প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে সরকারের মোট ব্যয় হবে ৭৬১ কোটি ৫২ লাখ টাকা।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সভাপতিত্বে সভায় এসব প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব তরিকুল ইসলাম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান।
ব্রিফিংয়ে জানানো হয়, আগামী মৌসুমে দেশের সারের চাহিদা মেটাতে সরকার আরো দুই লাখ মেট্রিক টন সার আমদানি করবে। এরমধ্যে মংলা বন্দরের মাধ্যমে এক লাখ টন সার আনতে ব্যয় হবে ২১৪ কোটি ৬৩ লাখ টাকা ও চট্টগ্রাম বন্দরের মাধ্যমে এক লাখ টন সার আমদানিতে ব্যয় হবে ২০৩ কোটি ৪৫ লাখ টাকা।
ইউক্রেন থেকে এক লাখ মেট্রিক টন গম আমদানির জন্য ব্যয় অনুমোদন করা হয়েছে ১৫২ কোটি ৪৭ লাখ টাকা। খাদ্য মন্ত্রণালয় এ গম আমদানি করবে।
৬৮ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে বিজেএমসি থেকে খাদ্য মন্ত্রণালয়ের এক কোটি চটের বস্তা কেনার প্রস্তাবও অনুমোদিত হয়েছে।
এছাড়া পূর্ত মন্ত্রণালয় রাজধানীর উত্তরা এলাকায় সাতটি সেতুসহ একটি সড়ক নির্মাণ করবে। সাতটি সেতু নির্মাণে ১০৪ কোটি ৩৮ লাখ এবং সড়ক নির্মাণে ১৭ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি।
সভায় অন্যান্যের মধ্যে কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, পরিকল্পনা মন্ত্রী একে খন্দকার, বাণিজ্য মন্ত্রী ফারুক খান, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক ও পূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এইচএ/১৯৪৪ ঘ.
bdnews24