২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি-ঘরে হামলা-ভাঙচুর, আহত ২৫

মাদক গ্রহণে বাধা দেওয়ার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর নাটাই গ্রামে বৃহস্পতিবার সকালে ১০টি বাড়ি ও দোকানে হামলা হয়েছে। হামলাকারীরা ভাঙচুর ও লুটপাট চালায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2009, 01:03 PM

Updated : 26 Aug 2022, 12:05 PM

ব্রাহ্মণবাড়িয়া, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদক গ্রহণে বাধা দেওয়ার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর নাটাই গ্রামে বৃহস্পতিবার সকালে ১০টি বাড়ি ও দোকানে হামলা হয়েছে। হামলাকারীরা ভাঙচুর ও লুটপাট চালায়। হামলায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আবারও যাতে হামলা ও সংঘর্ষের ঘটনা না ঘটে সেজন্য গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। নাটাই গ্রামের রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রামের রাজিবের বাড়িতে বুধবার সন্ধ্যায় গাঁজার আসর বসলে সূমন নামে একজন প্রতিবাদ করেন। এর জের ধরে বৃহস্পতিবার সকালে রাজিবের পক্ষে শতাধিক লোক লাঠিসোটাসহ দেশি অস্ত্র নিয়ে সুমনের আত্মীয়-স্বজনদের বাড়ি ও দোকানে হামলা চালায়। তাদের হামলায় সুমনের আত্মীয় জালাল, ইউসুফ, বাচ্চু, স্বপ্না, হানিফ, রাশেদ, ফিরোজ, শাহজাহান, আমীর আলী, ফরিদ মিয়া, আনোয়ারা বেগমসহ ২৫ জন আহত হন। এর মধ্যে ১১জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রামের শহাজাহনা মিয়া, মমতাজ মিয়া, মাহফুজ মিয়া ও মারফত মিয়া জানান হামলাকারীরা বাড়ি-ঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, এলাকায় উত্তেজনা রয়েছে। তবে সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৭ ঘ.