২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সন্তোষ প্রকাশ

ঈদের আগে ও পরে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর সদস্যদের সুষ্ঠুভাবে দায়িত্ব পালনে সন্তোষ প্রকাশ করে তাদের প্রশংসা করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন ও প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2009, 01:58 PM

Updated : 26 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের আগে ও পরে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর সদস্যদের সুষ্ঠুভাবে দায়িত্ব পালনে সন্তোষ প্রকাশ করে তাদের প্রশংসা করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন ও প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। পূজাসহ আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা। ঈদের ছুটি শেষে বুধবার প্রথম কর্মদিবসে নিজ কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী এ সন্তোষ প্রকাশ করেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার মন্তব্য প্রসঙ্গে তারা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে দেশের মানুষ অবগত। তাই বাস্তবতার নিরিখে তার মন্তব্য করা উচিত। ঈদের দিন দুপুরে খালেদা জিয়া শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের কাছে দেশের অবস্থা তুলে ধরতে গিয়ে বলেছিলেন, রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে মানুষ কষ্টে দিন কাটিয়েছে। সরকারের নয় মাস হয়ে গেছে তারা জনগণকে দেওয়া প্রতিশ্র"তির কোনটিই পূরণ করতে পারেনি। এ পরিস্থিতির পরিবর্তন ঘটাতে না পারলে দেশবাসী রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে। মন্ত্রী সাহারা খাতুন বলেন, "পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর সদস্যরা ঈদে যেভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে, একইভাবে তারা দুর্গা পূজার সময়ও দক্ষতা ও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করবে।" এবার অন্য বছরের তুলনায় এক হাজার বেশি পূজা মণ্ডপে পূজা হবে জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী জানান, এতে কোনো সমস্যা হবে না। এজন্য সংশ্লিষ্টদের ইতোমধ্যে কাজ করে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। "শুধু সরকারি পদক্ষেপের অপেক্ষা করলে চলবে না। জনগণকেও আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করতে হবে। কারণ কাজটি শুধু সরকারের একার নয়", বলেন সাহারা খাতুন। প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, "ঈদের আগে ও পরে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় আমরা খুশি।" তিনি জানান, পূজাসহ আগামী দিনেও পরিস্থিতি স্বাভাবিক থাকবে। কারণ প্রধানমন্ত্রীর প্রতিশ্র"তি অনুযায়ী আলোকিত বাংলাদেশ গড়তে হলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা প্রয়োজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/এএল/এইচএ/১৯৪৭ ঘ.