গোপালগঞ্জ, সেপ্টেস্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজি নিয়ে গোপালগঞ্জে দু'দল শ্রমিকের সংঘর্ষে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সভাপতিসহ অন্তত আটজন আহত হয়েছেন।
রোববার রাতে গোপালগঞ্জ পুলিশ লাইন মোড়ে এ ঘটনা ঘটে।
আহত জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সভাপতি শেখ বুলবুল ইসলামকে (৪৫ ) গোপালগঞ্জ সদর হাসপাতালে এবং সাংগঠনিক সম্পাদক শেখ শবে বরাতকে (৩২) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
শেখ বুলবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের একটি গ্র"প গোপালগঞ্জের উপর দিয়ে যাওয়া দূরপাল্লার যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক থেকে চাঁদা আদায় করে আসছিল। কিন্তু এ টাকা তারা শ্রমিক কল্যাণ তহবিলে জমা দিত না।
তিনি বলেন, রাত ১০টার দিকে সংগঠনের পক্ষ থেকে চাঁদা আদায় কাজে বাধা দিলে দু'দলের সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এদিকে প্রতিপক্ষ গ্র"পের নেতা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শেখ শবে বরাত জানান, তারা বৈধভাবেই চাঁদা ওঠাতেন। চাঁদার টাকা কল্যাণ তহবিলে জমা দেওয়া হতো কি না এ প্রশ্নের কোনো জবাব দেননি তিনি।
এ ঘটনায় বুলবুল ইসলামের ভাই হেদায়েত শেখ গোপালগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।
গেপালগঞ্জ সদর থানার থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম শহিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শ্রমিক ইউনিয়নের চাঁদা আদায় বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১০ ঘ.
bdnews24