মৌলভীবাজার, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নাহার-১ ও নাহার-২ আদিবাসী খাসিয়া পুঞ্জিসহ নাহার চা বাগানের গাছ কাটার প্রতিবাদে শনিবার শ্রীমঙ্গল চৌমোহনায় নারী-শিশুসহ তিনশতাধিক আদিবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
সকাল ১১ টা থেকে দুপুর ১২টা অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে অংশ নেন বাংলাদেশ আদিবাসী ফোরাম ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর নেতাকর্মীরা।
নাহার-১ পুঞ্জির প্রধান খালেদ নংরোম ও নাহার-২ পুঞ্জির প্রধান র্ফেলী সুরং জানান, গত বছরের সেপ্টেম্বরে নাহার চা বাগান কর্তৃপক্ষ দুই পান পুঞ্জিসহ আশপাশের এলাকায় প্রায় চার হাজার গাছ এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয়।
সেসময় গাছ কাটা শুরু হলে আন্দোলনের মুখে গাছ কাটা বন্ধ রাখা হয়। কিন্তু গত ১৫ জুন থেকে আবারও গাছ কাটা শুরু করেছেন ব্যবসায়ী সেলিম উদ্দিন। তিনি তড়িঘড়ি করে প্রায় এক হাজার ২০০ গাছ কেটে হাতি দিয়ে পাহাড় ও টিলা থেকে নামানোর কাজ শুরু করেন।
তাদের দাবি, গাছ কাটার প্রভাবে এবং হাতি দিয়ে গাছ নামানোর কারণে নাহার-১ পুঞ্জির আড়াই হাজার পান গাছ ইতোমধ্যেই বিনষ্ট হয়ে গেছে। টাকার অঙ্কে ক্ষতি হয়েছে প্রায় তিন লাখ টাকা। জীবিকা ধ্বংস করে চা বাগান কর্তৃপক্ষ খাসিয়াদের উচ্ছেদের পাঁয়তারা করছে বলে তারা অভিযোগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২১ ঘ.
bdnews24