ঢাকা সেপ্টেম্বর ০৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক তরুণকে ধরে নিয়ে ছিনতাইকারী বলে গুলি করার অভিযোগে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের আটকে পড়া পাকিস্তানীরা শনিবার রাজধানীর মীরপুর রোড অবরোধ করে বিক্ষোভ করে।
এক ঘন্টা বিক্ষোভের পর পুলিশ ও র্যাব সদস্যরা ধাওয়া করে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়।
র্যাব-২ জানায়, শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোডে ছিনতাইকারী সন্দেহে রাজু নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়। কিন্তু পালাতে গিয়ে সে র্যাবের গুলিতে আহত হয়। পরে তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। (বিস্তারিত)
রাজুর মা তারা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শনিবার রাতে বলেন, শুক্রবার রাতে তারাবিহ নামাজ পড়ে ফেরার পথে রাজুকে র্যাবের লোকেরা ধরে বাবর রোডে তাদের মোটর সাইকেলে বসিয়ে রাখে। খবর পেয়ে তিনি ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য অনেক মিনতি করলেও র্যাব তাকে ছাড়েনি।
রাজুর মামা মোঃ ভুট্টো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কাছে দাবি করেন, "রাজুকে ধরার পরে সাদা পোষাকের র্যাবের লোকেরা ছেড়ে দেওয়ার জন্য ১০ হাজার টাকা দাবি করে। কিন্তু আমরা তা দিতে না পারায় ছিনতাইকারী বলে তার পায়ে গুলি করেছে। রাজুর বিরুদ্ধে কোনো মামলা বা জিডি পর্যন্ত নেই।"
এদিকে রাজুকে গুলি করার প্রতিবাদে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বাসিন্দা শতাধিক অবাঙালি সন্ধ্যার পরে মীরপুর রোডে অবস্থান নেয়। তারা প্রায় একঘন্টা ধরে রাস্তা অবরোধ করে রাজুর মুক্তি দাবি করে। পরে পুলিশ ও র্যাব সদস্যরা ধাওয়া করলে তারা জেনেভা ক্যাম্পের উত্তর-পূর্ব দিকে অবস্থান নেয়। রাত সাড়ে ১০টা পর্যন্ত তারা সেখানে জটলা করে।
এ প্রসঙ্গে র্যাব-২ এর সহকারি পরিচালক এএসপি তালেবুর রহমান রাজুকে ছিনতাইকারী আখ্যায়িত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতে সে র্যাবের গুলিতে আহত হয়েছে। তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তালেবুর রহমান বলেন, এর আগে রাজুরা কয়েকজন ছিনতাইয়ের উদ্দেশ্যে আওরঙ্গজেব রোডে গেলে র্যাব তাদের চ্যালেঞ্জ করে। পরে তারা পালিয়ে যাওয়ার সময় র্যাব গুলি করে। তিনি বলেন, রাজুর কাছে একটি চাপাতি পাওয়া গেছে। তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে গেছে।
তবে কলেজগেট এলাকায় রাজুকে গ্রেপ্তার এবং গুলির ঘটনায় বিক্ষোভের বিষয়ে তার কিছু জানা নেই বলে জানান। ছেড়ে দেওয়ার জন্য র্যাব সদস্যদের টাকা চাওয়ার বিষয়টি 'অবাস্তব ও ভিত্তিহীন' বলেও উড়িয়ে দেন তালেবুর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২৩৫৯ঘ.
bdnews24