ঢাকা, সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের অ্যাকশনে আহত তেল-গ্যাস সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদকে দেখতে বুধবার সন্ধ্যায় স্কয়ার হাসপাতালে যান বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
তিনি ইফতার শেষে হাসপাতালে গিয়ে আনু মুহাম্মদের সঙ্গে কথা বলেন এবং তার খোঁজ-খবর নেন।
বুধবার তেল-গ্যাস সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচিতে পুলিশ বাধা দিলে সংঘর্ষ বেধে যায়।
রাত ৮টায় খালেদা জিয়া স্কয়ার হাসপাতালে পৌঁছান। তিনি আনু মুহাম্মদের শয্যাপাশে কিছু সময় অবস্থান করে চিকিৎসকদের কাছ থেকে তার খোঁজ-খবর নেন।
বিএনপি চেয়ারপারসন পুলিশের এ ধরনের 'বর্বরোচিত' হামলার নিন্দা জানান।
এ সময় বিরোধীদলীয় নেতার সঙ্গে অন্যন্যের মধ্যে সাংসদ সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, মহিলা দলের নেত্রী শিরিন সুলতানা প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২০০৬ সালের ২৬ আগস্ট সাবেক বিএনপি সরকারের সময় দিনাজপুরের ফুলবাড়িতে জাতীয় কমিটির ঘেরাও কর্মসূচির সময় বিক্ষুদ্ধ জনতার সঙ্গে পুলিশ, র্যাব ও বিডিআর এর সংঘর্ষে অন্তত ৫ জন নিহত ও ৫০ আহত হয়েছিল।
এর পর খালেদা জিয়া ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন সাবেক সাংসদ শহিদুল ইসলাম বিশ্বাসকে দেখতে যান।এ সময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ, ড্যাবের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক, মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার প্রমূখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএম/এইচএ/এসকে/২০৩৪ ঘ.
bdnews24